দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করছেন শেখ হাসিনা। ডিসেম্বরেই মাতৃভূমিতে ফিরতে পারেন বলে আগেও জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এবার সেই প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আরও এক ধাপ এগোলেন তিনি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন হাসিনা। গত দু’বছরেরও বেশি সময় ধরে ভারতে রয়েছেন তিনি। এই দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবার নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর এই আবেদন ঘিরেই এখন জোর চর্চা, কবে দেশে ফিরবেন হাসিনা, তা অনেকটাই নির্ভর করছে নতুন নথি পাওয়ার উপর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
২০২৪ সালের ৫ অগস্ট গণবিক্ষোভের জেরে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর থেকেই এদেশে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এর মধ্যেই মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে হাসিনার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একাধিক মামলার বিচার শুরু হয়। অভিযোগ, আন্দোলন দমাতে গিয়ে তাঁর সরকারের নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষের প্রাণ কেড়েছিল। সেই সংক্রান্ত একটি মামলায় ২০২৫ সালে হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। পরবর্তীকালে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলেও হাসিনার বিরুদ্ধে আইনি জটিলতা কাটেনি। বরং তাঁর বিরুদ্ধে মামলার চাপ আরও বেড়েছে।
শুরু থেকেই নিজের বিরুদ্ধে চলা বিচারকে মানতে নারাজ শেখ হাসিনা। তাঁর দাবি, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই এই বিচার প্রক্রিয়া চালানো হচ্ছে। এদিকে, হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য দিল্লির উপর লাগাতার চাপ বাড়িয়ে চলেছে বিএনপি সরকার। এমন পরিস্থিতিতেই আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন মুজিবকন্যা।এবার সেই প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রশাসনিক পদক্ষেপও শুরু করলেন তিনি। রয়টার্সের খবর অনুযায়ী, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার প্রীতি রহমানের কাছে নতুন নথির জন্য আবেদন জানিয়েছেন হাসিনার আইনজীবীরা।
শেখ হাসিনার আইনজীবীদের দাবি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাঁর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করে দিয়েছিল। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে হাসিনার পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। সেই যুক্তিতেই নতুন পাসপোর্ট ইস্যু করার আর্জি জানিয়েছেন তাঁরা। সূত্রের খবর, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর। আর সেই কারণেই বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়া জরুরি। এমনকী, দেশে ফেরার সম্ভাব্য দিনক্ষণও প্রায় স্থির করে ফেলেছেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রত্যাবর্তনের পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে, তা নির্ভর করছে পাসপোর্ট পাওয়ার উপরেই। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বাংলাদেশের সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।