লন্ডনে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে অভিবাসন দফতরের আধিকারিকরা ককরোচ জনতা পার্টির (CJP) কর্মী সৌরভ দাসকে আটকে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন দলের আর এক কর্মী অভিজিৎ দীপকে। তাঁর প্রশ্ন, সৌরভ কি কোনও জঙ্গি, অপরাধী নাকি প্রতারক? তাঁকে এমনভাবে আটকে দেওয়া হল কেন? অথচ দেশের টাকা লুট করে বিদেশে পালিয়ে যাওয়া অভিযুক্তদের বিরুদ্ধে কেন একই রকম পদক্ষেপ করা হয় না?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ বলেন, ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাসকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইউনিয়ন এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের মতো নামী শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে ককরোচ আন্দোলন নিয়ে কথা বলার কথা ছিল তাঁর। কিন্তু সোমবার রাতে বিমানবন্দরে পৌঁছনোর পর অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে আটকে দেন। জানিয়ে দেওয়া হয়, তিনি দেশ ছেড়ে যেতে পারবেন না।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে অভিজিৎ বলেন, বিজয় মালিয়া, মেহুল চোকসি কিংবা নীরব মোদীর মতো ব্যক্তিরা দেশের টাকা নিয়ে পালিয়ে গেলেও তাঁদের আটকানোর ক্ষেত্রে সরকার তেমন তৎপরতা দেখায়নি। অথচ ২৭ বছরের সৌরভ দাসের ক্ষেত্রে এত কড়াকড়ি কেন? তাঁর দাবি, ককরোচ জনতা পার্টির জনপ্রিয়তা বাড়ছে বলেই ভয় পেয়েছে কেন্দ্রীয় সরকার। শিক্ষিত ও তরুণরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হলে সাধারণ মানুষের সমর্থন হারানোর আশঙ্কা থেকেই এমন পদক্ষেপ করা হচ্ছে।
অন্যদিকে, লন্ডন যেতে না পারার ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তরুণদের কণ্ঠস্বর রোধ করার অভিযোগ তুলেছেন সৌরভ দাসও। তাঁর দাবি, প্রশাসনিক বাধা তৈরি করে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার চেষ্টা চলছে। শুধু রাস্তায় নয়, সোশ্যাল মিডিয়াতেও মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সৌরভ বলেন, তরুণদের কণ্ঠস্বর কীভাবে দমন করা হচ্ছে, তা গোটা বিশ্ব দেখছে। তাঁর অভিযোগ, মেটা প্রায় ৬০ লক্ষ পোস্ট মুছে দিয়েছে। রাস্তায় কিংবা অনলাইনে—কোথাও স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ দেওয়া হচ্ছে না। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
বিমানবন্দরে আটকে দেওয়ার কারণ হিসেবে পাসপোর্টে কিছু অসঙ্গতির কথা জানানো হয়েছে বলে দাবি সৌরভের। তাঁর অভিযোগ, সরকারের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ না পেয়ে প্রশাসন এ ধরনের ছোটখাটো বিষয় নিয়ে হয়রানি করছে। তাঁর কথায়, “নীরব মোদী বা মেহুল চোকসি হলে হয়তো তাঁদের জন্য লাল কার্পেট বিছিয়ে দেওয়া হত। কিন্তু আমি লন্ডনে যাওয়ার কথা বলতেই এই ধরনের বাধার মুখে পড়লাম।”
কেন সরকার এত ভয় পাচ্ছে, সেই প্রশ্নও তোলেন সৌরভ। তাঁর বক্তব্য, অক্সফোর্ডে মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর আদর্শ এবং অহিংস আন্দোলনের নীতি নিয়ে কথা বলার পরিকল্পনা ছিল তাঁর। কীভাবে এত বড় একটি আন্দোলন হিংসার পথ না নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে এগিয়ে যেতে পারে, তা বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ ছিল। কিন্তু সরকারের এই পদক্ষেপের কারণে সেই সুযোগ হাতছাড়া হল বলে দাবি করেন তিনি।