আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত রেজিস্ট্রারকে ফের নিয়োগ, হলফনামা তলব হাইকোর্টের।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ- অর্থনৈতিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অবসরপ্রাপ্ত রেজিস্ট্রারকে ফের নিয়োগ করল বর্ধমান বিশ্ববিদ্যালয়। ঘটনায় বিস্ময় প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। নির্দেশ দিল হলফনামা জমা দেওয়ার।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার সুজিত চৌধুরীর বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ। সেই অভিযোগেই দীর্ঘদিন ধরে তদন্ত চলছে। তবুও, সেই রেজিস্ট্রারকে ফের নিয়োগ করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার এই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা ওঠার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, ‘‘এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত বিস্মিত।’’

আদালতের নির্দেশ, কেন ও কীভাবে এক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে পুনরায় নিয়োগ করা হল, তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ হলফনামা পেশ করতে হবে বিশ্ববিদ্যালয়কে। সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে। পরবর্তী পর্যায়ে, ২৫ অক্টোবরের মধ্যে অন্যান্য পক্ষ পাল্টা জবাব দাখিল করতে পারবে। আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
উল্লেখযোগ্য ভাবে, প্রাথমিক তদন্তের পরে আদালতের নির্দেশেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির তদন্তভার সিআইডির হাত থেকে তুলে দেওয়া হয় কলকাতা পুলিশের হাতে— স্বচ্ছ, দক্ষ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও এখনো পর্যন্ত কেবল এক জন গ্রুপ-ডি কর্মী, ভক্ত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবারের শুনানিতে পুলিশের এই ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট। বিচারপতি জানান, “তদন্তে এ রকম শিথিলতা কাম্য নয়।”
হাইকোর্টের স্পষ্ট পর্যবেক্ষণ, “যে ব্যক্তি তদন্তাধীন দুর্নীতির অভিযোগের মুখোমুখি, তাঁকে ফের দায়িত্ব দেওয়া একপ্রকার আইনবিরুদ্ধ।”