এসআরআই-এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। কচুখালির বটতলা থেকে কে আর বাজার পর্যন্ত দীর্ঘ ঝাঁটা মিছিল। হাতে ঝাঁটা, দলীয় পতাকা ও ব্যানার নিয়ে স্লোগান।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রের কচুখালি অঞ্চলে শনিবার বিকেলে এসআরআই-এর প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। কচুখালির বটতলা থেকে কে আর বাজার পর্যন্ত দীর্ঘ ঝাঁটা মিছিল সংগঠিত হয়। হাতে ঝাঁটা, দলীয় পতাকা ও ব্যানার নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে অংশ নেন অঞ্চল ও ব্লক নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ।
দলীয় সূত্রে দাবি করা হয়, এসআরআই সংক্রান্ত বিষয়টি সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী। সেই কারণেই এই প্রতিবাদ কর্মসূচি। নেতৃত্বরা জানান, মানুষের অধিকার ও এলাকার উন্নয়নের প্রশ্নে তৃণমূল কংগ্রেস আপস করবে না। এদিনের কর্মসূচিতে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
মিছিল শেষে কচুখালি রামনগর বাজারে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কচুখালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় বক্তারা এসআরআই ইস্যুতে সরব হন। সভামঞ্চ থেকে তাঁরা বলেন, জনগণের স্বার্থবিরোধী যে কোনও পদক্ষেপের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন বক্তারা।
এদিনের সভায় উপস্থিত ছিলেন গোসাবা পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য ও পরিবহন কর্মাধ্যক্ষ তাপস মণ্ডল, গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা ঝড়ো ঢালী, কচুখালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দিবাকর মিস্ত্রী, কচুখালি পঞ্চায়েতের প্রধান স্বর্ণময়ী মিস্ত্রী সরকার, উপপ্রধান সুধা মণ্ডল, জেলা পরিষদের সদস্য অজিতেশ মণ্ডল এবং শম্ভুনগর পঞ্চায়েতের উপপ্রধান বরুণ প্রামাণিক প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। এলাকার মানুষের স্বার্থ রক্ষায় তৃণমূল কংগ্রেস সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন নেতৃত্বরা। শান্তিপূর্ণভাবেই শেষ হয় এদিনের ঝাঁটা মিছিল ও প্রতিবাদ সভা, তবে রাজনৈতিক মহলে এই কর্মসূচি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।