Satadru Dutta: কালো টাকার খোঁজে শতদ্রুর বাড়িতে পুলিশ

যে মানুষটার হাত ধরে ফুটবলের রাজপুত্র এসেছিলেন শহর কলকাতায় সব কিছু ঠিক থাকলে যে মানুষটার নামে সবাই ধন্য ধন্য করত সেই শতদ্রু দত্ত এখন রয়েছেন পুলিশি হেফাজতে।

যুবভারতীতে বিশৃঙ্খলাকাণ্ডে শুক্রবার সকালে শতদ্রু দত্তের (Satadru Dutta) বাড়িতে আচমকাই হানা দিল পুলিশ আধিকারিকদের একটি দল। নিঃসন্দেহে এই আবহে আরও বিপাকে পড়লেন শতদ্রু কারণ তদন্তে উঠে এসেছে তিনি নাকি কালো টাকার অধিকারী। এই খবর ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে চাঞ্চল্য। শুক্রবার সকাল ছ’টা নাগাদ শতদ্রুর ‘চারু সুধা’ বাড়িতে যায় বিধাননগরের পুলিশ। সহযোগীতা করেন রিষড়া থানার পুলিশ। প্রায় তিন ঘণ্টা তদন্তের স্বার্থে শতদ্রুর বাড়িতে ছিলেন পুলিশ আধিকারিকরা। মহিলা পুলিশকর্মী-সহ পাঁচজন আধিকারিক শতদ্রুর বাড়িতে ঢোকেন। তিনতলা সেই প্রাসাদোপম বাড়িতে সুইমিং পুল, ফুটবল মাঠ সব কিছুই আছে। যদিও এদিন একমাত্র পরিচারিকা ছাড়া কেউ বাড়িতে ছিলেন না। তাঁর সঙ্গে কথা বলার পাশাপাশি বিলাসবহুল বাড়ির ঘরে ঘরে তল্লাশি হয়।

মেসির শোয়ে কালো টাকা ব্যবহার হয়ে থাকতে পারে সন্দেহ তদন্তকারীদের। সেই অভিযোগের তদন্ত শুরু করবে ইডি। তবে শতদ্রুর কোনও সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি এখনও পর্যন্ত। তল্লাশি শেষে বাড়ি থেকে বেরোনোর সময় এক পুলিশ আধিকারিক বলেন, গোটা বিষয়টি যেহেতু তদন্তাধীন, তাই এখনই কিছু বলা যাচ্ছে না। ইতিমধ্যেই যুবভারতীকাণ্ডে পুলিশের পক্ষ থেকে বিধাননগর দক্ষিণ থানায় দু’টি এফআইআর দায়ের করা হয়েছে। স্টেডিয়ামে বিশৃঙ্খলার পাশাপাশি প্রায় ১০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে আয়োজক সংস্থার বিরুদ্ধে। সূত্রের খবর, ওই বিপুল পরিমাণ কালো টাকার উৎস সন্ধানে নামতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তা ছাড়া, কত টিকিট ও পাস বিক্রি হয়েছে, মেসির সঙ্গে ছবি তোলার জন্য যে ভাবে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে, সে সবেরও হিসাব রাখা হয়নি বলে অভিযোগ।

ইতিমধ্যেই শতদ্রু দত্তের সংস্থার সহযোগীদের তলব করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। মূলত, এত টাকা দিয়ে টিকিট কেটেও কেন মেসিকে দেখতে পেলেন না দর্শকরা?  বিধাননগর পুলিশের নির্দেশের পরও মাঠে কীভাবে ঢুকল জলের বোতল? স্টেডিয়ামের ভিতরে জলের বোতল বিক্রির পিছনে কাদের হাত? এসব বিষয়ে জানতে শতদ্রু দত্তের সংস্থার সহযোগীদের তলব পুলিশের।  এই ধরনের অনুষ্ঠানের জন্য যে প্রস্তুতি, অনুমানক্ষমতা, সমন্বয় ও নিখুঁত পরিকল্পনার দরকার হয়, তার আন্দাজ কি ছিল না শতদ্রুর?

শতদ্রুর জন্ম এবং বেড়ে ওঠা হুগলির রিষড়ায়। এই রিষড়া থেকেই উঠে এসেছেন ভারতের প্রাক্তন ফুটবলার সুধীর কর্মকার, শিশির ঘোষেরা। তবে ফুটবল নয়, ছোটবেলায় শতদ্রুর পছন্দ ছিল ক্রিকেট। শ্রীরামপুরের হোলি হোম স্কুলে পড়াশোনা। এর পরে অর্থনীতি নিয়ে লেখাপড়া। পেশা হিসাবে বেছে নেন ওয়েল্‌থ ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং।