ক্রিকেটের মাঠ ছেড়ে এ বার রেসিং ট্র্যাকে কলকাতার নাম উজ্জ্বল করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘কলকাতা রয়্যাল টাইগার্স’। ইন্ডিয়ান রেসিং লিগ (IRL) এবং এফ৪ ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ— দুই প্রতিযোগিতাতেই নজর কেড়েছে কলকাতার দল। এক দিকে IRL-এ পডিয়াম, অন্য দিকে এফ৪-এ ঐতিহাসিক জয়— মরসুমের পরের পর্বে আত্মবিশ্বাস নিয়েই নামছে সৌরভের দল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
IRL-এর আগের রাউন্ডে বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে দুর্দান্ত শুরু করেছিল কলকাতা রয়্যাল টাইগার্স। দ্বিতীয় রাউন্ডের প্রথম রেসে ভারতীয় চালক সাইশিবা শঙ্করণ দ্বিতীয় স্থান অর্জন করেন। ২৭ মিনিট ৫৫.৮০৬ সেকেন্ডে রেস শেষ করে তিনি গোয়া অ্যাসেস জেএ রেসিংয়ের রাউল হাইম্যানের পিছনে থেকে রেস শেষ করেন। ফলে শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে কলকাতার দলের লড়াই করার ক্ষমতা স্পষ্ট হয়ে যায়।
দলে শঙ্করণের সঙ্গে রয়েছেন কেওয়ান ট্যান্ডন, জেম হেপওয়ার্থ এবং আদিত্য পটনায়ক। পরের রাউন্ডে তাঁরাই সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে নামবেন।
এফ৪-এ অবশ্য আরও বড় চমক দিয়েছে কলকাতার দল। মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিটে তৃতীয় রাউন্ডের তৃতীয় রেসে পোল পজ়িশন থেকে শুরু করে জয় ছিনিয়ে নেন অ্যারন মেহতা। দিল্লির স্পিড ডেমনসের এনটিইসো মাবুন্দার প্রবল চাপ সামলে মাত্র ০.৫৪৬ সেকেন্ডের ব্যবধানে রেস জেতেন তিনি।
মাত্র ১৫ বছর ৬ মাস ৬ দিন বয়সে এফ৪ ইন্ডিয়ায় সবচেয়ে কম বয়সে রেস জয়ের নজির গড়েছেন অ্যারন। এই জয়ের পর ৮২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। একই রেসে কলকাতার আর এক চালক স্বর্ণভ দাস পিছন থেকে উঠে এসে চতুর্থ হন।
দলের মালিক সৌরভ বলেন, কলকাতার খেলাধুলোর আবেগই রয়্যাল টাইগার্সের শক্তি। শঙ্করণের পডিয়াম এবং অ্যারনের ঐতিহাসিক জয় দলের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে বলেও জানান তিনি।
এ বার ২৮ ও ২৯ নভেম্বর বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে বসছে রেসিংয়ের আসর। IRL-এর তৃতীয় এবং এফ৪-এর পঞ্চম রাউন্ডে ফের ট্র্যাকে নামবে কলকাতা। ডিসেম্বরের নবি মুম্বই স্ট্রিট সার্কিটে মরসুমের শেষ লড়াইয়ের আগে বুদ্ধ সার্কিটেই নিজেদের শক্তি আরও এক বার দেখাতে মরিয়া সৌরভের রয়্যাল টাইগার্স।