আবারও নিম্নচাপে ভ্রুকুটি! বৃষ্টির জেরে ভিজবে বাংলা। আগামী কয়েকদিন দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গের কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেনে নিন।

নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি:- ফের বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। নিম্নচাপের জেরে ভিজবে রাজ্যের দক্ষিণ থেকে উত্তরের জেলাগুলি। সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার থেকে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধতে পারে। অন্যদিকে ওড়িশা অন্ধ উপকূলের নিম্নচাপটি ছত্রিশগড়ের উপর অবস্থান করছে। এটি গুজরাটের অভিমুখে যাবে। এই নিম্নচাপটির প্রভাব বাংলায় এর সরাসরি প্রভাব পড়বে না বলেই জানা গেছে। তবে এরপ্রভাবে রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার কলকাতা-সহ নয় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গল ও বুধবার, এদিন ঝড় বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হওয়াও। এরপর বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আবার কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গে এই মূহুর্তে ভারী বৃষ্টির তেমন পূর্বাভাস না থাকলেও রবিবার থেকেই উত্তরবঙ্গে চার জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের যেসব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেগুলি হল, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার। অন্যদিকে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝড় হাওয়া। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমান কমবে। বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে না থাকলেও বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বলে জানা গেছে।