মোদীকে ‘আমার প্রিয় বন্ধু’ সম্বোধন ম্যাক্রোঁর

সস্ত্রীক ৩ দিনের ভারত সফরে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ।

মাম্পি রায়, সাংবাদিক : তিন দিনের ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron). সোমবার মধ্যরাতে স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁকে (Brigitte Macron) সঙ্গে নিয়ে মুম্বইয়ে অবতরণ করেন তিনি। মুম্বই বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis) এবং রাজ্যপাল রমেশ ব্যাস (Ramesh Bais) । ম্যাক্রোঁর সফরের শুরুতেই কূটনৈতিক উষ্ণতার বার্তা স্পষ্ট হয়ে ওঠে।

ভারতে পৌঁছনোর আগেই বিমানের জানালা থেকে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ইমান্যুয়েল মাক্রোঁ। সেখানে তিনি লেখেন, “ভারতের পথে। আমাদের বোঝাপড়াকে আরও এগিয়ে নিয়ে যাব।” একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কে ‘আমার প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন তিনি। মঙ্গলবার সকালে সেই পোস্ট শেয়ার করে মাক্রোঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মোদী। তিনি লেখেন, “মুম্বই এবং পরে দিল্লিতে দেখা হচ্ছে।” দুই নেতার পারস্পরিক এই বার্তা ভারত-ফ্রান্সের কৌশলগত সম্পর্কের ঘনিষ্ঠতাকেই তুলে ধরেছে বলে মনে করছেন কূটনৈতিক মহল।

সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে মুম্বইয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী ও মাক্রোঁ। সেখানে প্রতিরক্ষা, প্রযুক্তি, জ্বালানি, মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে। বেশ কয়েকটি মউ স্বাক্ষর হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ গুরুত্ব পেতে পারে প্রতিরক্ষা সহযোগিতাও।

গত সপ্তাহেই ফরাসি সংস্থা Dassault Aviation-এর তৈরি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ‘ডিফেন্স প্রোকিওরমেন্ট বোর্ড’। প্রায় ৩ লক্ষ ২৫ হাজার কোটি টাকার বিনিময়ে অতিরিক্ত ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে ভারতের। এই বহুল আলোচিত রাফাল চুক্তি নিয়েও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বকে আরও গভীর করার দিকেই জোর দেবে দু’পক্ষ।

মুম্বইয়ের পর নয়াদিল্লিতে যাবেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এআই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন ও ডিজিটাল পরিকাঠামো গঠনে দুই দেশের সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হতে পারে। প্রযুক্তি-নির্ভর ভবিষ্যৎ অর্থনীতিতে ভারত ও ফ্রান্স যৌথভাবে কাজ করতে আগ্রহী—এই বার্তাই উঠে আসতে পারে বৈঠক থেকে।

উল্লেখ্য, ২০১৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর ২০১৮ সালে প্রথমবার ভারত সফরে এসেছিলেন মাক্রোঁ। এরপর ২০২৩ সালে জি২০ সম্মেলনে অংশ নিতে ভারতে আসেন তিনি। ২০২৪ সালে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন ফরাসি প্রেসিডেন্ট। এবার রাষ্ট্রপতি হিসেবে চতুর্থবারের মতো ভারত সফরে এলেন মাক্রোঁ। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, বৈশ্বিক ভূরাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপটে ভারত-ফ্রান্স সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে। ম্যাক্রোঁর এই সফর সেই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।