হলে ঢুকেই অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী!

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ধবধবী হাই স্কুলের ছাত্রী।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা :  আজ থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলে ঢোকানো হচ্ছিল স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে। সবটাই চলছিল ঠিকঠাক নিয়ম মেনে। ঠিক তখনই পরীক্ষার হলে ঢুকতেই ঘটল অঘটন। পরীক্ষার হলের মধ্যেই মাথা ঘুরে পড়ে গেল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত রাসমণি বালিকা বিদ্যালয়ে। ধবধবি হাই স্কুলের ছাত্রছাত্রীদের সিট পড়েছিল বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয়ে। পরীক্ষার্থীর নাম আফসানা খাতুন। পরীক্ষার হলে ঢুকে মাথা ঘুরে পড়ে যায় আফসানা। সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি খবর দেওয়া হয় ওই ছাত্রীর পরিবারের সদস্যদের।

 বারুইপুর হাসপাতালে চিকিৎসকরা তড়িঘড়ি ওই ছাত্রীকে এমার্জেন্সি অবজার্ভেশনে রেখে চিকিৎসা শুরু করেন।  দেওয়া হয় অক্সিজেন সাপোর্টও। প্রথম দিনেই এই ঘটনা ঘটায় যথেষ্ট ভেঙে পড়েছে আফসানা। অসুস্থতার কারণে আর পরীক্ষা দিতে পারল না সে। আগামী পরীক্ষাগুলো সে সঠিকভাবে দিতে পারবে কিনা, তাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়।