মাদক পাচার রুখতে ভারত-আমেরিকার যৌথ পদক্ষেপ!

মাদক পাচার রুখতে আরও জোরদার হচ্ছে ভারত ও আমেরিকার যৌথ উদ্যোগ। গত ২ ও ৩ নভেম্বর নয়াদিল্লিতে দ্বিতীয় ভারত-আমেরিকা ড্রাগ পলিসি এক্সিকিউটিভ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আয়োজন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। দুই দেশের মাদকবিরোধী নীতি নির্ধারক, পুলিশ ও তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই বৈঠকে অংশ নেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন NCB-র ডিরেক্টর জেনারেল অনুরাগ গর্গ। অন্যদিকে, আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সে দেশের Office of National Drug Control Policy (ONDCP)-র ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর ডেবি সেগুইন। বৈঠকে দুই দেশের মধ্যে মাদক পাচার রুখতে চলা যৌথ উদ্যোগের অগ্রগতি খতিয়ে দেখা হয়। পাশাপাশি, গোয়েন্দা তথ্য আদানপ্রদান, যৌথভাবে অভিযান চালানো, মাদক তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের নিয়ন্ত্রণ, ওষুধ সরবরাহ ব্যবস্থায় নজরদারি এবং মাদকের চাহিদা কমানোর মতো বিষয়গুলিতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের শুরুতে অনুরাগ গর্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে তৈরি ‘ইন্ডিয়া ভিশন রোডম্যাপ ২০২৬-২০২৯’-এর কথা তুলে ধরেন। অবৈধ মাদক ব্যবসা বন্ধ করতে এই রোডম্যাপে একাধিক পরিকল্পনার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে মাদক পাচার চক্রের গোটা নেটওয়ার্ক চিহ্নিত করা, মাদক তৈরির রাসায়নিকের উপর নিয়ন্ত্রণ, আর্থিক লেনদেনের তদন্ত, মাদক সেবন প্রতিরোধ এবং আসক্তদের পুনর্বাসন। অনুরাগ গর্গ জানান, শুধু মাদক পাচারকারীদের গ্রেফতার করাই ভারতের লক্ষ্য নয়। এই কারবারের পিছনে থাকা অর্থদাতা, সরবরাহকারী, সহযোগী এবং পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেককে চিহ্নিত করে গোটা চক্র ভেঙে ফেলতে চাইছে ভারত।

অন্যদিকে, আমেরিকার ONDCP-র ডিরেক্টর তথা সে দেশের ড্রাগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান সারা কার্টার বলেন, আন্তর্জাতিক মাদক পাচার চক্র ভাঙতে ভারত ও আমেরিকার মধ্যে যৌথ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃত্রিম মাদক এবং তা তৈরির রাসায়নিক যাতে অবৈধভাবে বিশ্বের বিভিন্ন বাজারে পৌঁছতে না পারে, সেদিকে নজর দিতে হবে।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৬ সালের জাতীয় মাদক নিয়ন্ত্রণ নীতি অনুযায়ী, বর্তমানে অপরাধী চক্র এবং বিদেশি জঙ্গি সংগঠনগুলি আন্তর্জাতিক ব্যবসায়িক সংস্থার মতো সংগঠিতভাবে কাজ করছে। তাই তাদের মোকাবিলা করতে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থার উপর নজরদারি জরুরি।

ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোরও দুই দেশের যৌথ উদ্যোগের প্রশংসা করেন। তাঁর কথায়, মাদক তৈরির অবৈধ রাসায়নিকের সরবরাহ বন্ধ করা, বাণিজ্যিক পণ্য পরিবহণ ব্যবস্থায় নজরদারি এবং মাদক কারবারিদের চক্র ভেঙে দেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যেই দুই দেশ একসঙ্গে কাজ করছে। দুই দেশের তদন্তকারী সংস্থার মধ্যে দ্রুত তথ্য আদানপ্রদান ও পারস্পরিক বিশ্বাসের ফলে এই লড়াই আরও শক্তিশালী হচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে ২০২৬ সালের জানুয়ারি মাসে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে প্রথম ভারত-আমেরিকা ড্রাগ পলিসি এক্সিকিউটিভ ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছিল। এবারের বৈঠকে সেই আলোচনার অগ্রগতির ভিত্তিতে নতুন করে মাদক পাচারের ধরন এবং ভবিষ্যতের সম্ভাব্য বিপদগুলি নিয়ে আলোচনা হয়। দুই দেশই ‘অপারেশন মেডম্যাক্স’, ‘অপারেশন ওয়াইপ’ এবং কৃত্রিম মাদক তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের অবৈধ ব্যবহার ঠেকাতে ভারতের স্বেচ্ছামূলক আচরণবিধির মতো উদ্যোগগুলিকে স্বাগত জানিয়েছে।

বৈঠকের শেষে দুই দেশ নিয়মিত গোয়েন্দা তথ্য আদানপ্রদান, প্রশাসনিক স্তরে যোগাযোগ বজায় রাখা এবং যৌথ অভিযান চালানোর উপর জোর দেয়। পাশাপাশি, মাদকের চাহিদা কমানো এবং মাদকবিরোধী অভিযানে একে অপরের অভিজ্ঞতা ও কৌশল ভাগ করে নেওয়ার বিষয়েও সহমত হয়েছে ভারত ও আমেরিকা। উল্লেখ্য, আমেরিকার হোয়াইট হাউসের Office of National Drug Control Policy (ONDCP) সে দেশের মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতি তৈরি ও বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। পাশাপাশি, মাদকমুক্ত সমাজ গড়তে বিভিন্ন স্থানীয় উদ্যোগ এবং মাদক পাচারপ্রবণ এলাকায় বিশেষ কর্মসূচিও পরিচালনা করে এই সংস্থা।