Mass Shooting at Bondi Beach: সিডনিতে ইহুদিদের উৎসবে বন্দুকবাজের হামলা, হতাহত অনেকে, চলছে উদ্ধারকাজ

ইহুদিদের রক্তে ভাসল সিডনির বিচ

ফের বন্দুকবাজের হামলা। তবে এবার ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার (Australia) সিডনিতে। বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের একটি উৎসব চলাকালীন আচমকাই চলে গুলি। আর সেই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত অনেকে। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে বিরাট পুলিশ বাহিনী। তাঁরাই হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের সংখ্যা ঠিক কত, তা এখনও স্পষ্ট করে বলতে পারছে না স্থানীয় প্রশাসন। তবে ওই এলাকায় উপস্থিত সাধারণ মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।

সূত্রের খবর, এদিন সকাল থেকেই বন্ডি বিচে ইহুদি মানুষদের ভিড় ছিল। সেই সময়ই আচমকা দুই বন্দুকবাজ তাঁদের ওপর হামলা চালায়। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিচের যে জায়গায় মানুষদের ভিড় ছিল, সেখানেই নিশানা করে গুলি চালায় বন্দুকবাজরা। এছাড়া গাড়ি পার্কিংয়ের এলাকায় প্রথমে কয়েক রাউন্ড গুলি চলে। সবমিলিয়ে ৫০ রাউন্ড গুলি চলেছে বন্ডি বিচ এলাকায়।

হামলার সময়ের কয়েকটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। বর্তমানে গোটা বন্ডি বিচ ঘিরে ফেলেছে নিউ সাউথ ওয়েলসের পুলিশ। যদিও হামলাকারীদের নাম, পরিচয় এখনও কিছুই জানা যায়নি। এমনকি তাঁরা কোনও সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, তাও এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ। এছাড়া ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও শোকপ্রকাশ করেছেন।