পুলিশের জালে ইরানি গ্যাংয়ের মাস্টারমাইন্ড

গোটা দেশজুড়ে দুষ্কৃতী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ইরানি গ্যাং। সিরিয়াল বাইক চুরি ও ছিনতাইয়ে অভিযুক্ত এই গ্যাংয়ের মাস্টারমাইন্ড মুরতাজা আলীকে পাকড়াও করল পুলিশ।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা:  হাওড়ার গোলাবাড়ি থানার হাতে পাকড়াও ইরানি গ্যাংয়ের এক মাস্টারমাইন্ড মুরতাজা আলী।  রাজ্যের বিভিন্ন প্রান্তে সিরিয়াল বাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় যুক্ত এই গ্যাং। গোটা দেশজুড়ে দুষ্কৃতী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এই গ্যাং। ২০২৫-এর ১২ জুলাই ভোর ৫:১০ মিনিটে গোলাবাড়ি থানা এলাকা থেকে বাইক চুরি যায়। সালকিয়ার নতুন মন্দির এলাকায় বৃদ্ধার সোনার গয়না ছিনতাইয়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। হাওড়া থানা এলাকায় সকাল ৭টার সময় ফের আরেকটি বাইক চুরি করে তারা। বৌবাজার থানা এলাকায় চুরি করা বাইকের সাহায্য আরও একটি বাইক চুরি করে ৭:৩০ মিনিটে,  সেখান থেকে সোজা বারাসাত ডাক বাংলো এলাকায় বেলা ৩টে নাগাদ আরেকটি বাইক চুরি করে। সেই চুরির বাইক নিয়ে মধ্যমগ্রামে সোনার হার ছিনতাই করে, সোজা বাগহাটি এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে এন্টালি এলাকায় ফের বাইক চুরি করে একাধিক ছিনতাইয়ের ছক। তারপর সমস্তটা বাস্তবায়নের পর ফ্লাইট ধরে চম্পট দেয় ভিন রাজ্যে।

সিসিটিভি ফুটেজ দেখে হাওড়া স্টেশন চত্বরে একটি লজের হদিস পায় গোলাবাড়ি থানার পুলিশ। সেখান থেকে পাওয়া ফোন নম্বর ধরে তদন্ত শুরু করে পুলিশ। এরপর দিল্লিতে মোবাইল নম্বর ট্র্যাক করে লোকেশন পায় পুলিশ। দিল্লি ক্রাইম ব্রাঞ্চের সাহায্য নিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুজনের মধ্যে গ্যাংয়ের মাস্টারমইন্ডকে নিয়ে আসা হয়েছে রাজ্যে। গোলাবাড়ির থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আরও একজনকে রাজ্যে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এর আগে একাধিকবার দেশজুড়ে বিভিন্ন সময়ে ইরানি গ্যাংয়ের একাধিক সদস্যদের গ্রেফতার হয়েছে।

ডিসেম্বর ২০২৪ :  কলকাতায় ৬ জন ইরানি গ্যাংয়ের সাথে যুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

এপ্রিল ২০২৫ : উত্তরপ্রদেশ পুলিশ গ্যাংয়ের দুইজনকে এঙ্কউন্টার করে দুজনকে গ্রেফতার করে।

জুলাই ২০২৫: গোয়াতে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার  করা হয়।

অক্টোবর ২০২৫: এই গ্যাংয়ের একজন সদস্যকে গ্রেফতার করে পুলিশ যার বিরুদ্ধে ১৬০ টি ক্রিমিনাল কেস রয়েছে।