বাংলার মানুষ যখনই বিপদে পড়ে তখন তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকে: সুজিত বোস

শ্যাম বিশ্বাস বসিরহাট : এসআইআর ফর্ম ফিল আপকে কেন্দ্র করে বেজায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি অনেক ক্ষেত্রে বিএলওরাও সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরকমই ছবি উঠে আসতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এই ধরনের সমস্যাগুলি বেশি দেখা যায় প্রত্যন্ত সুন্দরবন এলাকায়। সেখানকার প্রান্তিক এলাকার মানুষজন এসআইআরের ফর্ম ফিলাপ নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে থাকেন। তাই সেই সমস্যা সমাধানে এবার উদ্যোগী হল হাসনাবাদ ১ ব্লক তৃণমূল কংগ্রেস। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের বাসন্তীতলায় হিঙ্গলগঞ্জ বিধানসভা এসআইআর ওয়ার রুমের সূচনা হল। যেখান থেকে তৃণমূল কর্মীরা এসআইআর নিয়ে মানুষের যেকোনো সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছেন।

আইটি প্রফেশনাল ব্যক্তিদের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে প্রান্তিক এলাকার মানুষকে সহায়তা করা হচ্ছে। এই এসআইআর ওয়ার রুম পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা জেলা আরটিএ সদস্য সুরজিৎ মিত্র বাদল, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, তৃণমূলের হাসনাবাদ ১ ব্লক সভাপতি আনন্দ সরকার ও তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার রিকি সহ একাধিক নেতৃত্বরা। দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, “বাংলার মানুষ যখনই বিপদে পড়েন তখন তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকে। সীমান্তটা রক্ষা করার দায়িত্ব কেন্দ্র সরকারের। তাহলে সেখান দিয়ে এত পরিমাণে বাংলাদেশী ঢোকে কি করে? কেন্দ্র সরকারের উচিত সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান করা।” অপরদিকে এই এসআইআর ওয়ার রুম প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের হাসনাবাদ ১ ব্লক সভাপতি আনন্দ সরকার বলেন, “এই এসআইআর ওয়ার রুম সূচনা হওয়ার ফলে উপকৃত হবেন হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার হাজার হাজার সাধারণ মানুষ।”

এসআইআর নিয়ে এর আগে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যায়ভাবে যদি একটাও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি দিয়েছেন, বৈধ ভোটারদের নাম বাদ দিলে তাদের দিল্লিতে নিয়ে গিয়ে ধর্না দেব। এই আবহে হাসনাবাদে তৃণমূল কংগ্রেসের তরফে এসআইআর ওয়ার রুমের সূচনা করলেন দমকলমন্ত্রী সুজিত বসু।