এশিয়াডে গিয়ে লবিতে ঘুম অ্যাথলিটদের!

‘একটু থাকতে দিন’, প্রবাসী ভারতীয়দের কাছে সাহায্যের আর্জি মোদী সরকারের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : দেশের হয়ে পদক জয়ের লক্ষ্যে এশিয়ান গেমসে পাড়ি দিয়েছেন তাঁরা। অথচ প্রতিযোগিতার মঞ্চে নামার আগেই থাকার জায়গা নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয় অ্যাথলিটদের। কখনও অভিবাসন দপ্তরের সোফায় রাত কাটাতে হচ্ছে, কখনও আবার হোটেলের ঘর পেতে রাত আড়াইটে বেজে যাচ্ছে। আইচি-নাগোয়া এশিয়ান গেমসের আয়োজনে অব্যবস্থার অভিযোগ ঘিরে এবার তৎপর হল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

জানা গিয়েছে, প্রায় পাঁচ দিন ধরে থাকার সমস্যা চলছে। অনেক অ্যাথলিটকে মাত্র এক রাতের জন্য হোটেল দেওয়া হচ্ছে। প্রতিযোগিতার আগে কোথায় অনুশীলন করবেন, তা-ও স্পষ্ট নয় অনেকের কাছে। ভারতীয় কন্টিনজেন্টের অর্ধেক এখনও জাপানে পৌঁছয়নি। এর মধ্যেই এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন শেফ দ্য মিশন-সহ অন্যান্য কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়া এই আয়োজনকে ‘নিকৃষ্টতম’ বলেও মন্তব্য করেছে বলে দাবি করা হয়েছে।

অ্যাথলিটদের থাকার ব্যবস্থা নিশ্চিত করতে এবার জাপানে বসবাসকারী ভারতীয়দের সাহায্য চাইল কেন্দ্র। শুক্রবার জাপানে পৌঁছেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। আইচি-নাগোয়ায় বসবাসকারী প্রায় ২ হাজার ভারতীয়ের কাছে আবেদন জানানো হয়েছে, তাঁরা যেন প্রয়োজনে অ্যাথলিটদের নিজেদের বাড়িতে থাকার সুযোগ দেন। ইতিমধ্যেই ১৫টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

শুধু থাকার ব্যবস্থা নয়, পরিবহণ এবং অভিবাসন প্রক্রিয়াতেও উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। বিমানবন্দরে দু’জন শেফ দ্য মিশন থাকবেন অ্যাথলিটদের সাহায্য করার জন্য। আয়োজকদের পাঠানো গাড়ির উপর নির্ভরতা কমাতে বাসও ভাড়া করা হয়েছে। এশিয়ান গেমসের ওয়েলকাম সেন্টারে আধিকারিকদের মোতায়েন করা হয়েছে, যাতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।

তবে রেজিস্ট্রেশনের পরেও যদি কোনও অ্যাথলিটের থাকার জায়গা না মেলে, তা হলে তাঁকে স্থানীয় ভারতীয়দের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে। আইচি-নাগোয়ায় হোটেলের সংখ্যা কম হওয়ায় থাকার সংকট তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, পর্যাপ্ত পরিকাঠামো না থাকা সত্ত্বেও এত বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব কেন দেওয়া হল জাপানের এই শহরকে?