জয় নিতাই বলে ভার্চুয়াল ভাষণ মোদীর

কুয়াশার কারণে নদিয়ার তাহেরপুরের মাঠে নামতেই পারল না মোদীর হেলিকপ্টার। ভার্চুয়ালি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মাম্পি রায়, সাংবাদিক : এসআইআর নিয়ে রাজনীতি পাল্টা রাজনীতির আবহে সাজো সাজো রব তৈরি হয়েছিল নদিয়ার তাহেরপুরে। কিন্তু সময় পেরিয়ে গেলেও সভাস্থলে পৌঁছতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়াশার কারণে তাহেরপুরে নামতেই পারল না মোদীর হেলিকপ্টার। সেজন্য ভার্চুয়াল অডিও বার্তার মাধ্যমেই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।   

নির্ধারিত সময়েই কলকাতার দমদম বিমানবন্দরে নেমেছিলেন মোদী। সেখান থেকে হেলিকপ্টারে করে নদিয়ার তাহেরপুরে পৌঁছে যান তিনি। কিন্তু আবহাওয়ার প্রতিকূলতার কারণে নামতেই পারল না প্রধানমন্ত্রীর কপ্টার। নির্ধারিত সময়ের আগেই সভাস্থলে পৌঁছে গিয়েছিল কপ্টারটি। বিজেপি কর্মী সমর্থকরাও পৌঁছে গিয়েছিলেন সেখানে। কিন্তু সবশেষে ফোন করে ভার্চুয়াল বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয় নিতাই বলে বক্তব্য শুরু করেন তিনি।

 রাজ্যের উন্নয়ন নিয়ে কড়া বার্তা দেন তিনি। মোদী বলেন, নদিয়া এমন একটি স্থান যেখানে প্রেম করুণা আর ভক্তি মিলিত হয়েছে। এটি মহাপ্রভুর ভূমি বলেন তিনি। একটি সড়ক প্রকল্পের সূচনা করে তিনি বলেন নদিয়া ও উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেই রাস্তা।

এরপরই মতুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এবং বড়মাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেসকে সরাসরি নিশানা করে মোদী বলেন, “এই সরকার উন্নয়নের ধার ধারে না।  তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে উৎখাত করতে হবে। তাহলেই এই রাজ্যের বিকাশ ও উন্নতি হবে। মোদীকে পছন্দ নাও করতে পারেন। কিন্তু বাংলার মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত না করা হয়।“