বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: এসআইআর (SIR) প্রস্তুতি খতিয়ে দেখতে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে রাজ্যে এসেছে কমিশনের প্রতিনিধি দল। রাজ্যের এসআইআর সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সকাল থেকে উত্তরবঙ্গ বাদে সমস্ত জেলার নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তাঁরা।

নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে তৎপরতার মাঝেই দুবারের ফাস্ট পোলিং অফিসার ও দু’বারের প্রিসাইডিং অফিসারের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল। আধার কার্ড বাতিল হয়েছে। এই নিয়ে আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে রাজ্যে থাকা বৈধ ভোটার ও ভারতীয় নাগরিকদের মধ্যে। বারুইপুরের বাসিন্দা উৎপল সর্দার, কলকাতা কর্পোরেশনের উচ্চপদে কর্মরত। যিনি দুইবার ফাস্ট পোলিং অফিসার হিসেবে নির্বাচন করিয়েছেন। আবার গত ২৩ সালের পঞ্চায়েত নির্বাচন ও গত ২৪ সালের লোকসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এমন একজন অফিসারের নিজের ভোটার কার্ড বাতিল হওয়া, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া, আধার কার্ড বাতিল হওয়ায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

উৎপলবাবুর ভোটার কার্ড ১৯৯৫ সালের। তখন থেকেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করে আসছেন। ভোটদানের মধ্যে দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এসেছেন তিনি। ২০২৪ সালে উৎপলবাবুর স্ত্রী রেনু সর্দারের নাম বাদ যায় ভোটার তালিকা থেকে। তারপর তিনি অনলাইনে আবেদন করলেও তা বাতিল হয়ে গিয়েছে। আর সপ্তাহখানেক আগে নিজের ব্যক্তিগত কাজ করতে গিয়ে তিনি দেখেন, তার নিজের ভোটার কার্ড বাতিল হয়ে গিয়েছে। ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে নাম। এর মধ্যেই আবার মোবাইলে মেসেজ এসেছে আধার কার্ড বাতিল নিয়ে। ব্যঙ্ক থেকেও কেওয়াইসি লিংক করতে হবে বলে মেসেজ এসেছে। উৎপলবাবু ভেবে পাচ্ছেন না কি করবেন। একদিকে বাতিল হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড। ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট করবেন কীভাবে? অ্যাকাউন্টে আদৌ বেতন ঢুকবে কিনা, তা নিয়েও উদ্বেগে উৎপলবাবু। বেতন ঢুকলেও তা তুলতে পারবেন কিনা, তা নিয়েও সন্দিহান তিনি। একদিকে ভোটার কার্ড, আধার কার্ড বাতিল হওয়ার চিন্তা, অন্যদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেতন তুলতে না পারলে সংসার চলবে কী করে, সেই চিন্তাও ক্রমশ গ্রাস করছে উৎপলবাবুকে। ইতিমধ্যেই অনলাইনে ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন তিনি। এখন প্রশ্ন হল এই যে, দুবারের প্রিসাইডিং অফিসারের নাম যদি ভোটার, আধার তালিকা থেকে বাদ চলে যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত ?