২০২৬ নির্বাচন: বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। একসঙ্গে দু’টি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও লড়াই করবেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : রবিবার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। সোমবারই প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বিজেপি। সোমবার নয়াদিল্লি থেকে রাজ্যের প্রার্থীদের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। সেই তালিকায় সবচেয়ে বড় চমক হল একসঙ্গে দু’টি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও লড়াই করবেন তিনি।
ভবানীপুর কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ওই কেন্দ্রে শুভেন্দু প্রার্থী হতে পারেন। বিজেপির তালিকা প্রকাশের পর সেই জল্পনাই কার্যত সত্যি হল।
এ ছাড়া খড়গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে। প্রথম দফার তালিকায় রাজ্যের একাধিক পরিচিত মুখকে টিকিট দিয়েছে দল। সূত্রের খবর, বিজেপির বর্তমান বিধায়কদের অধিকাংশকেই আবার প্রার্থী করা হয়েছে। জয়ী বিধায়কদের কেন্দ্রও খুব একটা বদল করার ঝুঁকি নেয়নি বিজেপি।
উত্তরবঙ্গের দিকে চোখ রাখলে শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে শঙ্কর ঘোষকে। হবিবপুরে জুয়েল মুর্মু এবং মুর্শিদাবাদে গৌরীশংকর ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। নদিয়ার রানাঘাট উত্তর থেকে অসীম বিশ্বাস এবং চাকদহ থেকে বঙ্কিমচন্দ্র ঘোষের নাম ঘোষণা হয়েছে। হরিণঘাটায় প্রার্থী অসীম সরকার।
উত্তর ২৪ পরগনার বরানগর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে। অন্যদিকে শিল্পাঞ্চল ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ছেলে পবন সিংকে প্রার্থী করেছে দল। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে লড়াই করবেন দীপক কুমার হালদার।
হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে অভিনেতা রুদ্রনীল ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। হাওড়া উত্তর কেন্দ্রে উমেশ রায় এবং হুগলির পুড়শুড়া থেকে প্রার্থী বিমান ঘোষ। পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে টিকিট দেওয়া হয়েছে। কাঁথি দক্ষিণ থেকে প্রার্থী অরূপ কুমার দাস।
এ ছাড়া সোনামুখীতে দিবাকর ঘরামি, ওন্দায় অমরনাথ শাখা, জামালপুরে অরুণ হালদার, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, দুবরাজপুরে অনুপকুমার সাহা এবং সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি।
প্রথম তালিকাতেই একাধিক রাজনৈতিক চমক রেখেছে বিজেপি, কিন্তু তারপরেও যে বিজেপির জন্য লড়াই কঠিন হতে চলেছে, তা বলাই বাহুল্য।