ভোটের আগে ভাঙড়ে নতুন থানার উদ্বোধন

ভার্চুয়ালি বিজয়গঞ্জ বাজার থানার নয়া ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোটের আগে ভাঙড়ে বিজয়গঞ্জ বাজার থানার নয়া ভবনের উদ্বোধন হল। বুধবার এই নয়া ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ সহ কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকেরা। বিজয়গঞ্জ বাজার থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেলেন ওয়াটগঞ্জ থানার অ্যাডিশনাল ওসি অংশুমান রায় এবং অ্যাডিশনাল ওসি হলেন সিরিং তামাং।

ভোটের আগেই বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। বছরখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের রাজনৈতিক অস্থিরতা দেখে ভাঙড়কে কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি ভাঙড়ের আইনশৃঙ্খলার দায়িত্ব নেয় কলকাতা পুলিশ। তারপর থেকেই এই নিয়ে ছয়টি থানার উদ্বোধন করা হল। এখনও আরও দুটি থানার উদ্বোধন হওয়ার কথা আছে। ইতিমধ্যেই ভাঙড় ট্রাফিক গার্ডের পাশাপাশি ভাঙড়ের ট্রাফিক ব্যবস্থা আরও সুদৃঢ় করার জন্য আরও দুটি ট্রাফিক গার্ড তৈরি করা হবে বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই সেগুলোর উদ্বোধন হয়ে যাবে। কারণ প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক হিংসাকে কেন্দ্র করে ভাঙড়ে চলছে বোমাবাজি এবং মারধরের মতো ঘটনা। আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ এখন নিত্যদিনকার অবস্থা। নতুন থানা উদ্বোধন হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে বিজয়গঞ্জ বাজারে এলাকায়, এমনই মনে করছেন বিশেষজ্ঞ মহল।