ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

সুপ্রিয় বসাক, নিজস্ব সংবাদদাতা: বিপর্যস্ত উত্তরবঙ্গ। একাধিক জায়গায় ভূমিধস, মৃত্যু মিছিল ক্রমে বেড়েই চলছে উত্তরবঙ্গ জুড়ে। এই ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেই ত্রাণ বন্টন নিয়ে রাজনৈতিক তরজা শুরু হল ধূপগুড়ি ব্লকের গদেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, সঠিকভাবে ত্রাণ সামগ্রী বন্টন করছেন না বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই অভিযোগে সোমবার রাতে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভে সামিল হন এলাকার প্রাক্তন প্রধান ধর্ম নারায়ণ রায় এবং স্থানীয় ক্লাব সদস্যরা।

বিক্ষোভকারীদের দাবি, সরকারের তরফে পাঠানো ত্রিপল ও অন্যান্য গুরুত্বপূর্ণ ত্রাণ সামগ্রী বন্যাকবলিত পরিবারগুলির হাতে পৌঁছচ্ছে না। অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধান বিজয় রায়ের বিরুদ্ধে। তিনি নাকি সেই সমস্ত ত্রাণ সামগ্রী অন্যত্র বিতরণ করছেন। যার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। ‘ত্রাণ বন্টনে স্বচ্ছতা চাই’ এই স্লোগান তুলে সরব হচ্ছেন এলাকাবাসীরা।

প্রাক্তন প্রধান ধর্ম নারায়ণ রায় এই বিষয়ে জানান, “সরকার মানুষের বিপদের সময় সাহায্য পাঠাচ্ছে, কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্বের জেরে সেই সাহায্য সাধারণ মানুষ পাচ্ছেন না।” এই অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তের দাবিও তোলেন তিনি।

অন্যদিকে এই অভিযোগ উড়িয়ে দেন গদেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় রায়। তাঁর বক্তব্য, “এই মুহূর্তে ত্রাণ নিয়ে রাজনীতি করার কোনও প্রশ্নই ওঠে না। জেলা প্রশাসনের কাছ থেকে যত সামগ্রী আমরা পেয়েছি, সবই নির্দিষ্ট তালিকা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হচ্ছে।” বিক্ষোভের জেরে এলাকায় কিছুক্ষণ উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রশাসনের পক্ষ থেকেও গোটা ঘটনার উপর নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর। কিন্তু এই ভয়াবহ বিপর্যয় কাটিয়ে কবে স্বাভাবিক ছন্দে ফিরবে উত্তরবঙ্গ, সেই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে বাসিন্দাদের মুখে মুখে।