ভুটান থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

‘কোন ষড়যন্ত্রকারীকে রেয়াত নয়’

এবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি। ভুটান সফর থেকে কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফ জানালেন কোন ষড়যন্ত্রকারীকে ছাড় দেওয়া হবে না।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি বিস্ফোরণের নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীরা পার পাবে না ৷ মঙ্গলবার সকালে বিদেশের মাটি থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এ নিয়ে এই প্রথম প্রকাশ্যে বিবৃতি দিলেন প্রধানমন্ত্রী ৷ গতকাল এই ঘটনায় শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এক্স হ্যান্ডলে মোদী লেখেন, ‘আজ সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণে যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক। ক্ষতিগ্রস্তদের কর্তৃপক্ষ সহায়তা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহএবং অন্যান্য কর্মকর্তাদের সাথে পরিস্থিতি পর্যালোচনা করেছি।’

মঙ্গলবার ভোরে দুই দিনের সফরে ভুটানের রাজধানী থিম্পুতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেদেশের রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৭০তম জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে এই সফর। সেখানেই একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ষড়যন্ত্রের পিছনে যারা আছে, তাদের ছেড়ে দেওয়া হবে না। মঙ্গলবার ভুটান থেকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজধানীতে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এরই মধ্যে ভুটানের থিম্পুতে বক্তব্য রাখতে গিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন, ‘এই ষড়যন্ত্র যারা করেছে, তাদের রেয়াত করা হবে না। যারা দায়ী, তাদের আইনের আওতায় আসতেই হবে।’