যুদ্ধবিরতি নিয়ে হল না চূড়ান্ত সিদ্ধান্ত, ফের বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন

সম্ভাবনা থাকলেও ফের ভেস্তে গেল ট্রাম্প-পুতিন বৈঠক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কোন চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না। ফের ট্রাম্প এবং পুতিন বৈঠকে বসতে পারেন বলে মনে করা হচ্ছে।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ বৈঠকশেষেও রাশিয়া-ইউক্রেন সংঘাতের জট কাটল না। যদিও মার্কিন প্রেসিডেন্ট বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। ফের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

প্রায় তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যাহত রয়েছে। কোন ভাবেই যেন সমাধান সূত্র মিলছে না। জানা গেছে প্রায় তিন ঘন্টা ধরে আলোচনা করেছেন ট্রাম্প পুতিন। যদিও বৈঠকের শেষে ট্রাম্প জানিয়েছেন, ‘ভাল অগ্রগতি’ হয়েছে। শান্তিচুক্তি প্রসঙ্গে কথা বলতে হবে ইউক্রেন ও ন্যাটোর সদস্যদের সঙ্গে। আর বৈঠকের পর পুতিনের বক্তব্য, যুদ্ধ বন্ধ করার জন্য সংঘাত শুরুর বিষয়গুলিকেই আগে দূরে সরাতে হবে। সেই সঙ্গে তাঁর বার্তা, “আমেরিকা ও রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করবে।” যুদ্ধবিরতির জন্য উদ্যোগী ট্রাম্পকে ধন্যবাদ জানান পুতিন। পুতিন আরও বলেন, যুদ্ধ বন্ধে তাঁর দেশ খুবই আন্তরিক। তবে কিছু বিষয়ের মীমাংসা হওয়া দরকার। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ তখনই বন্ধ হওয়া সম্ভব যখন কারণ গুলি বিশ্লেষণ করে সেগুলির জন্য দায়ীরা দায় স্বীকার করবেন। স্পষ্টতই ইউক্রেনের উপর দায় চাপিয়েছেন পুতিন।

অন্যদিকে এই বৈঠক প্রসঙ্গে জেলেনস্কি বলেছেন যে এই শীর্ষ সম্মেলনের মাধ্যমে “ন্যায়সঙ্গত শান্তি” এবং তাকে অন্তর্ভুক্ত করে ত্রিপাক্ষিক আলোচনার পথ প্রশস্ত করা উচিত, তবে তিনি জোর দিয়ে এটাও বলেছেন যে রাশিয়া এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ইউক্রেনের একাধিক অঞ্চলে রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে একজন নিহত এবং একজন আহত হয়। তিনি আরও বলেছেন এবার এই দীর্ঘ সময় ধরা চলা যুদ্ধ শেষ করার সময় এসেছে, এবং রাশিয়াকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমরা আমেরিকার উপর নির্ভর করছি। যদিও এই বৈঠকে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোই হয়নি, অনেকেই প্রশ্ন তুলছেন যে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে তাঁদের এক পক্ষকে অন্ধকারে রেখে আরেক পক্ষকে নিয়ে বৈঠক কেন করছেন ডোনাল্ড ট্রাম্প?