নভেম্বরেই জাঁকিয়ে শীত! মরশুমের শীতলতম দিন শহরে

নভেম্বরের শেষেই শীতের জোরালো আমেজ কলকাতায়। মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিনের সাক্ষী থাকল শহর। বুধবারের তুলনায় বৃহস্পতিবার আরও ২ ডিগ্রি নেমেছে তাপমাত্রার পারদ। বর্তমানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন আকাশ মূলত পরিষ্কার থাকবে। রোদের দেখা মিলবে, পাশাপাশি আবহাওয়া থাকবে শুষ্ক। বুধবার শহরে বৃষ্টির কোনও খবর মেলেনি। বৃহস্পতিবারও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই রাজ্যে ফিরতে শুরু করেছে শীতের আমেজ। বঙ্গোপসাগরের দিক থেকে আসা বাধা সরে যাওয়ায় এবার অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। তার জেরেই ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে ঠান্ডার দাপট আরও বাড়বে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

বৃহস্পতিবার সকালেও রাজ্যের একাধিক জেলায় কুয়াশার প্রভাব দেখা গিয়েছে। তবে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত রাজ্যের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী। শুক্রবারের মধ্যে পারদ আরও ২ থেকে ৪ ডিগ্রি নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। তবে দিনের বেলায় তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে সকালে ও রাতে শীতের অনুভূতি বাড়লেও দুপুরে কিছুটা উষ্ণতা বজায় থাকবে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তুরে হাওয়ার প্রভাবে ঠান্ডা বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সেই সঙ্গে বাড়ছে কুয়াশার দাপট। বিশেষ করে ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমে যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের কোনও কোনও এলাকায় দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত হতে পারে। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। অন্যদিকে, উত্তর-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবও রয়েছে। তবে সেটি ধীরে ধীরে অসমের দিকে সরে যাচ্ছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ফলে আপাতত উত্তরবঙ্গেও শীতের আমেজ আরও বাড়ার ইঙ্গিত মিলছে।