গঙ্গাসাগরের ভেসেল যাত্রায় এবার অনলাইন টিকিট !

পুণ্যভূমি গঙ্গাসাগরের প্রবেশদ্বার কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট নাম্বার ৮-এ ইলেক্ট্রনিক টিকিট ইস্যুয়িং মেশিন পরিষেবা চালু হল।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা :  জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই গঙ্গাসাগর মেলায় প্রত্যেকবারই পুণ্যার্থীদের বিপুল ভিড় লক্ষ্য করা যায়। এবারও তার অন্যথা হবে না। তাই পুণ্যার্থীদের যাতে কোনওরকম সমস্যার মুখোমুখি হতে না হয়, তার জন্য প্রাণপন চেষ্টা করছে প্রশাসন। ​পুণ্যভূমি গঙ্গাসাগরের প্রবেশদ্বার কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট নাম্বার ৮-এর ভেসেল পরিষেবা নিয়ে যাত্রীদের মনে দীর্ঘদিনের ক্ষোভ জমে রয়েছে। এবার সেই ভেসেল পরিষেবার টিকিট-সংশয় দূর হল। পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগম  কচুবেড়িয়া শাখায় চালু করল ইলেক্ট্রনিক টিকিট ইস্যুয়িং মেশিন অর্থাৎ ETIM পরিষেবা। এর ফলে  এবার থেকে সরাসরি কাউন্টার থেকেই মিলবে অনলাইন টিকিট। যা ভেসেল যাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করে দিল। শুক্রবার থেকে এই ETIM পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হল। বৃহস্পতিবার সন্ধ্যায় কচুবেড়িয়া শাখায় এই ETIM মেশিনের উদ্বোধন করেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এই গুরুত্বপূর্ণ উদ্যোগের ফলে গঙ্গাসাগরে আগত লক্ষ লক্ষ পুণ্যার্থী ও সাধারণ যাত্রীদের টিকিট সংগ্রহে যে জটিলতা তৈরি হতো, তা অনেকটাই লাঘব হবে বলে মনে করা হচ্ছে। মন্ত্রী জানান, এই অনলাইন টিকিট কাউন্টার থেকে মেলায় যাত্রীদের সময় বাঁচবে এবং পরিষেবা হবে আরও স্বচ্ছ এবং দ্রুত।

​উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ছাড়াও উপস্থিত ছিলেন সাগরের বিডিও  কানাইয়া কুমার রায়,  পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগমের উচ্চপদস্থ আধিকারিকেরা। পরিবহণ দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, সাগরে কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট নাম্বার ৮-এ ইলেক্ট্রনিক টিকিটের উদ্বোধন করা হল। এর ফলে যাত্রীদের  যেমন সুবিধা হবে, তেমনই কর্মীদেরও সুবিধা হবে। তেমনই পরিবহণ দফতর থেকেও পুরো ব্যবস্থা পরিচালনা করতে সুবিধা হবে। আগামীদিনে যাত্রী পরিষেবাকে মসৃণ করতে আরও নিত্য নতুন পদক্ষেপ করা হবে বলে জানাচ্ছেন তিনি।

​দীর্ঘদিন ধরে কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ লট নাম্বার ৮ পর্যন্ত ভেসেল চলাচলের জন্য টিকিট সংগ্রহের ক্ষেত্রে নানান সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এই নতুন প্রযুক্তিনির্ভর ETIM  মেশিন স্থাপনের ফলে,  কাউন্টারে বসেই খুব দ্রুততার সঙ্গে অনলাইন টিকিট কেটে নিতে পারবেন যাত্রীরা। এটি নিগমের পরিষেবার আধুনিকীকরণের পথে একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন যাত্রী।