জন্মতারিখের নথিতে অসঙ্গতি, লন্ডনযাত্রার আগে সৌরভকে নোটিস!

জন্ম সংক্রান্ত নথিতে অসঙ্গতির অভিযোগে সিজেপি কর্মী সৌরভ দাসকে শো-কজ নোটিস পাঠাল চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর (RPO)। সোমবার সন্ধ্যায় ই-মেলে পাঠানো ওই নোটিসে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নোটিসের জবাব না দেওয়া পর্যন্ত ওই পাসপোর্ট ব্যবহার করে বিদেশযাত্রা না করার নির্দেশও দেওয়া হয়েছে। ফলে লন্ডন যাওয়ার পথে বিমানবন্দরে তাঁর ইমিগ্রেশন ছাড়পত্র আটকে যায় বলে জানা গিয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সরকারি সূত্রের দাবি, আধার, পাসপোর্ট, জন্মের শংসাপত্র এবং স্কুলের নথিতে জন্মতারিখ, জন্মস্থান ও বাবার নাম নিয়ে অসঙ্গতি রয়েছে বলে গত কয়েক মাসে কিছু তথ্য সামনে আসে। এরপরেই সৌরভের পাসপোর্টের নথি নতুন করে যাচাই করার সিদ্ধান্ত নেয় আরপিও। ২০১৯ সালের ২১ অগস্ট তাঁকে পাসপোর্ট দেওয়া হয়েছিল।

পাসপোর্ট দফতরের নিয়ম অনুযায়ী, পাসপোর্ট ইস্যুর পরেও কোনও ভুল বা বিভ্রান্তিকর তথ্য সামনে এলে পুনরায় যাচাই করতে পারে আরপিও। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে শো-কজ নোটিস পাঠিয়ে জানতে চাওয়া হয়, কেন তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হবে না। সৌরভের ক্ষেত্রেও নোটিসে জন্মস্থান সংক্রান্ত তথ্য গোপন বা ভুল ভাবে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। প্রমাণ-সহ সঠিক তথ্য জানাতে বলা হয়েছে। নইলে ১৯৬৭ সালের পাসপোর্ট আইনের ১০(৩)(বি) ধারায় পাসপোর্ট বাজেয়াপ্ত করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সরকারি এক আধিকারিকের দাবি, শো-কজের জবাব না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পাসপোর্টে বিদেশযাত্রা সম্ভব নয়। তাঁর বক্তব্য, ইমিগ্রেশন ব্যবস্থাতেও এই ধরনের নোটিসের তথ্য দেখা যায়। ফলে লন্ডনের বিমানে ওঠার আগে সৌরভের যাত্রা আটকে যাওয়ার সম্ভাবনা ছিল।

তবে সৌরভের দাবি, বিমান ধরার কয়েক ঘণ্টা আগে তাঁর কাছে নোটিসটি পাঠানো হলেও ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছনোর আগে তিনি ই-মেলটি দেখেননি। সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে জবাব দেওয়ার সুযোগ রয়েছে তাঁর। নথিপত্রের অসঙ্গতি দূর করে আরপিও সন্তুষ্ট হলে ফের ওই পাসপোর্টেই আন্তর্জাতিক যাত্রা করতে পারবেন তিনি।

এদিকে, জন্ম ও অভিভাবকত্ব সংক্রান্ত নথিতে অসঙ্গতি এবং তাঁর নাগরিকত্ব নিয়েও মাদ্রাজ হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ফলে বিষয়টি নিয়ে আইনি ও প্রশাসনিক জটিলতা আরও বাড়ল।