উত্তরবঙ্গের পাশে দক্ষিণবঙ্গ!

নাজিয়া রহমান, নিজস্ব সংবাদদাতা: অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। প্রাকৃতির রোষে ছিন্নভিন্ন পাহাড়, তরাই-ডুয়ার্স। পাহাড় জুড়ে এখন শুধুই হাহাকার আর কান্নার ধ্বনি। বন্যার জলে একসঙ্গে ভেসে আসছে মানুষ আর পশু দেহ। বর্তমানে মানে আবহাওয়ার উন্নতি হলেও বিপন্ন মানুষের জীবন। বন্যার জলে সব হারিয়ে নিঃস্ব মানুষ। এই অবস্থায় উত্তরবঙ্গের পাশে দাঁড়িয়েছে দক্ষিণবঙ্গ। কলকাতার টলিউড হোক বা ভারত সেবা সংঘের সাধুসন্ত। প্রত্যেকেই ত্রাণ নিয়ে উপস্থিত উত্তরবঙ্গে।

প্রাকৃতিক রোষে বিপর্যস্থ উত্তরবঙ্গ। বর্তমানে পাহাড়ের আবহাওয়ার সামান্য উন্নতি হয়েছে।তবে আবহাওয়ার উন্নতি হলেও প্রকৃতির নৈরাজ্যের ছাপ ছড়িয়ে রয়েছে গোটা উত্তরবঙ্গে। বৃষ্টি-ধসে বিধস্ত উত্তরবঙ্গের জনজীবন। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬। এবাররের এই অতিবৃষ্টিতে তছনছ পাহাড়, তরাই-ডুয়ার্স। নিশ্চিহ্ন একের পর এক জনপদ, এখনও নিখোঁজ অনেকে। বন্যার জলে একসঙ্গে ভেসে আসছে মানুষ আর পশু দেহ। আর এই দৃশ্য দেখে মর্মাহত সমতলের মানুষ। এখনও পাহাড়ে আটকে রয়েছেন বহু পর্যটক, এখন উত্তরবঙ্গজুড়ে শুধুই স্বজনহারানোর কান্না আর হাহাকার। আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের পাশে দাঁড়িয়েছে দক্ষিণবঙ্গের মানুষ। টলিউডের তারকা থেকে রাজনৈতিক নেতা-নেত্রী থেকে সাধু সন্ত সবাই ত্রাণ নিয়ে পৌঁছে গেছেন উত্তরবঙ্গে ।

উত্তরবঙ্গের এই দুর্যোগে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম সংঘ। অতিবৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত। জলপাইগুড়ি, ধুপগুড়ি, পানবাড়ি, কুলাপাড়া সহ বিস্তীর্ণ অঞ্চলে ঘরবাড়ি ও চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষদের সাহায্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, দুর্গত এলাকাগুলিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। তাঁরা স্থানীয় মানুষদের হাতে তুলে দিচ্ছেন শুকনো খাবার, জামাকাপড় ও প্রয়োজনীয় বস্ত্রসামগ্রী। এছাড়াও দুর্গত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাঁদের আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ আরও বলেন, “ভারত সেবাশ্রম সংঘ সবসময় মানবসেবার আদর্শে বিশ্বাসী। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকতে আমাদের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

ইতিমধ্যেই টলিউডের তারকা আর কলাকুশলীদের তরফে প্রায় ২০ লক্ষ টাকা জোগাড় করা হয়েছে উত্তরবঙ্গের দুর্গত মানুষদের ত্রাণ পাঠানোর জন্য। সেই টাকা নাকি তুলে দেওয়ার কথা হয়েছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। ইতিমধ্যেই প্রসেনজিৎ এবং ‘দেবী চৌধুরানী’-র স্ক্রিনিংয়ের দিন দেব, টলিউডের দুই তারকা উত্তরবঙ্গবাসীর জন্য ত্রাণ পাঠিয়েছেন।