মাম্পি রায়, সাংবাদিক: কয়েকদিন আগে ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাশিয়া। এবার কম্পনদক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপিন্সে। জোরালো ভূমিকম্পে মৃত্যু হল অন্তত ৬৯ জনের। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কেঁপে ওঠে মধ্য ফিলিপিন্সের একাধিক এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। উৎসস্থল ছিল বোগো থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয়েছে। এর জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু প্রদেশের অন্যতম বড় এই শহরটি।

ভূমিকম্পে আহতের সংখ্যাটা শতাধিক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু প্রদেশের বোগো এবং পার্শ্ববর্তী ছোট শহরগুলির মানুষজন। শুধুমাত্র বোগো শহরে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বা়ড়ি, স্কুল, ব্যবসায়িক প্রতিষ্ঠান, নাইটক্লাব। ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপা পড়েছেন। শুরু হয়েছে উদ্ধারকাজ। বুধবার সকালেও ধ্বংসস্তূপের নীচ থেকে জীবিত এবং মৃতদের বের করছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজে নেমেছে পুলিশ, সেনাবাহিনী। রয়েছে স্নিফার ডগ।

ভূমিকম্পের জেরে বেশ কিছু রাস্তা এবং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে উদ্ধারকাজ শুরু করতে দেরি হয়েছে। এর পাশাপাশি ঘন ঘন বৃষ্টির জেরে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া মানুষজনকে বের করাটাও কঠিন হয়ে উঠছে।
দুর্যোগ মোকাবিলা দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, পাহাড়ি গ্রামগুলিতে ধস নেমেছে। বোল্ডার পড়ে বেশ কিছু ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও উদ্ধারকাজ চালানো হচ্ছে। মেডেলিন এবং স্যান রেমিগিও শহরের বাইরেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

ভূমিকম্পটি হয়েছে রাতের বেলায়। অনেক মানুষই তখন ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে জোরালো কম্পন অনেকেই বুঝতে পারেননি। আবার কেউ কেউ দেরিতে বুঝেছেন, ততক্ষণে অঘটন ঘটে গিয়েছে। পালানোর পথ পাননি তাঁরা। বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকে মধ্য ফিলিপিন্সে সবচেয়ে জোরালো ভূমিকম্পগুলির মধ্যে অন্যতম এটি। ভূমিকম্পের পর পরই ফিলিপিন্সের ভূকম্পন জরিপ সংস্থা সুনামির সতর্কতা জারি করেছে। প্রায় এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে প়ড়তে পারে সতর্কবার্তা দেওয়া হয়েছে।