গঙ্গাসাগরে গিয়ে পুণ্যস্নান করে আর মোক্ষলাভ হল না। তার আগেই মৃত্যু হল আসামের পুণ্যার্থীর

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে গিয়ে মৃত্যু হল ভিন রাজ্যের এক তীর্থযাত্রীর। প্রশাসনিক সূত্রে জানা যায় মৃত ওই তীর্থযাত্রীর নাম মিতু মণ্ডল। বয়স ৫১ বছর। এই পুণ্যার্থী অসমের সনিৎপুরের বাসিন্দা। গঙ্গাসাগরে মোক্ষলাভের আশায় আসাম থেকে একাই গঙ্গাসাগরে এসেছিলেন মিতু। মঙ্গলবার দুপুরে হঠাৎই তিন নম্বর স্নানঘাটের কাছে জ্ঞান হারান তিনি। এরপর স্বেচ্ছাসেবক ও হ্যাম রেডিওর সদস্যরা তড়িঘড়ি ওই তীর্থযাত্রীকে উদ্ধার করে সাগর অস্থায়ী হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর প্রশাসনের তরফ থেকে শুরু হয় ওই ব্যক্তির পরিবারের অনুসন্ধান কাজ। এই অনুসন্ধান কাজের গুরুদায়িত্ব এসে পড়ে হ্যাম রেডিও সদস্যদের কাছে। ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের নেতৃত্বে শুরু হয় মৃত ব্যক্তির নাম পরিচয় সন্ধানের কাজ। মৃত ব্যক্তির কাছে থাকা মাদুলি দেখে হ্যাম রেডিওর সদস্যদের প্রাথমিক অনুমান হয় এই মৃত ব্যক্তি আসামের বাসিন্দা। এর পর শুরু হয় অনুসন্ধানের কাজ। অবশেষে মৃত ওই ব্যক্তির পরিবারের সন্ধান পান হ্যাম রেডিও সদস্যরা। সাহায্য নেয়া হয় আসাম হ্যাম রেডিওর। এরপর সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলা হয়। খবর পেয়ে আপৎকালীন পরিস্থিতিতে মৃত ওই ব্যক্তির পরিবারের সদস্যরা পৌঁছে যান গঙ্গাসাগরে।