‘অপারেশন অমিস্তাদ’-এর প্রশংসায় প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলায় ‘অপারেশন অমিস্তাদ’-এ ভারতীয় চিকিৎসকদের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর, ধ্বংসস্তূপ থেকে ৭৯ বছরের বৃদ্ধাকে উদ্ধার সেনার

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ডক্টরস ডে উপলক্ষে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মানবিক সহায়তা মিশন ‘অপারেশন অমিস্তাদ’-এ কর্মরত ভারতীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার সমাজমাধ্যমে তিনি বলেন, কঠিনতম পরিস্থিতিতেও যেভাবে ভারতীয় চিকিৎসকরা নিরলসভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা চিকিৎসা পেশার মানবিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, সমাজ যখনই বড় ধরনের সংকটের মুখোমুখি হয়েছে, তখনই চিকিৎসকরা নিজেদের কর্তব্য পালনে অগ্রণী ভূমিকা নিয়েছেন। ভেনেজুয়েলার বর্তমান বিপর্যয়েও ভারতীয় মেডিক্যাল টিম একই নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে, ‘অপারেশন অমিস্তাদ’-এর অধীনে ত্রাণ ও চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধ্বংসস্তূপের মধ্যেও আহতদের চিকিৎসা দিয়ে আশার আলো জ্বালিয়ে রেখেছে। সম্প্রতি ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৯ বছর বয়সি এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়। তাঁর একটি পা ভেঙে গিয়েছিল এবং আগে থেকেই তিনি পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজে ভুগছিলেন। দীর্ঘ সময় চিকিৎসা না পাওয়ায় তাঁর পায়ে গুরুতর ধমনীজনিত আলসার তৈরি হয় এবং অসহ্য যন্ত্রণায় তিনি কাতর ছিলেন।

ভারতীয় সেনার চিকিৎসক দল দ্রুত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল করে, ভাঙা পায়ের চিকিৎসা শুরু করে এবং উন্নত ক্ষত পরিচর্যার ব্যবস্থা করে। পাশাপাশি প্রতিদিন নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের মাধ্যমে তাঁর সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ভেনেজুয়েলার মানুষের পাশে থেকে মানবিক সহায়তা পৌঁছে দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-র গবেষকদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলার মধ্য ও উত্তরাঞ্চলে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির জাতীয় পরিষদের সভাপতি Jorge Rodriguez-এর তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭১৯। আহত হয়েছেন অন্তত ৫,০৩৪ জন এবং মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২২,৬১৯। ক্ষতিগ্রস্ত ৮৫৫টি ভবনের মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ভেঙে পড়েছে। এছাড়া ২৪ জুনের মূল ভূমিকম্পের পর থেকে ৬০৯টি আফটারশক নথিভুক্ত হয়েছে। United States Geological Survey-এর আশঙ্কা, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় ৪৪ শতাংশ।