ইজরায়েলে ভোটগ্রহণ শুরু, সুবিচারের অশায় নিহতদের পরিবার

ইজরায়েলে শুরু হল ২৬তম নেসেট নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ভোট দিতে শুরু করেছেন নাগরিকেরা। এ বারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রায় ৭৩ লক্ষ মানুষ। তবে ভোটের আগে প্রকাশিত শেষ জনমত সমীক্ষায় আভাস, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শিবির এবং বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। কোনও পক্ষই একক ভাবে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ভোটের দিনেই নতুন করে সামনে এসেছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার স্মৃতি। ওই দিন ভোর ৬টা ২৯ মিনিটে হামাসের হামলা শুরু হয়েছিল। সেই সময়ের সঙ্গে মিল রেখেই মঙ্গলবার সকালে তেল আভিভের হোস্টেজেস স্কোয়ারে জড়ো হন হামলায় নিহত ও পণবন্দি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যেরা। নীরবতা পালনের পর ইজরায়েলবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা। যাঁরা আর কখনও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না, তাঁদের স্মরণেই এই আবেদন বলে জানিয়েছেন পরিবারের সদস্যেরা।

হামলায় নিহত রন ইয়েহুদাইয়ের বাবা-মা সিগাল ও ইয়োরাম ইয়েহুদাই নাগরিকদের এমন দলকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন, যারা ৭ অক্টোবরের হামলার তদন্তে স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। তাঁদের কথায়, এই কমিশন হামলার বিষয়ে প্রয়োজনীয় উত্তর খুঁজে দেবে এবং তাঁদের বিধ্বস্ত মনে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে।

বিরোধী নেতা গাদি আইজ়েনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির প্রচারের অন্যতম প্রধান বিষয় এই হামলার দায় নির্ধারণ। নেতানিয়াহুর সরকারকে দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলেও আক্রমণ করেছেন আইজ়েনকোট। অন্য দিকে, ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলানও স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি তুলেছেন। তাঁর অভিযোগ, নেতানিয়াহু সরকার স্বাধীন কমিশনের পরিবর্তে রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রিত তদন্তের পক্ষে সওয়াল করেছে। হামলার সময় নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার দায়ও এড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী।

ভোটগণনা শেষে ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ়্যাক হারজ়গ নির্বাচিত দলগুলির নেতাদের সঙ্গে আলোচনা করে সরকার গঠনের দায়িত্ব দেবেন উপযুক্ত প্রার্থীকে। প্রাথমিক ভাবে ২৮ দিন সময় পাবেন তিনি। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়তে পারে। শেষ পর্যন্ত কোনও পক্ষ সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে না পারলে ফের নির্বাচনের পথে হাঁটতে হতে পারে ইজরায়েলকে।