কৃষ্ণনগর ডাকঘরে বোমাতঙ্কের ছায়া: দফায় দফায় তল্লাশিতে জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য।

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা : আদালত চত্বরের রেশ কাটতে না কাটতেই এবার কৃষ্ণনগরের কেন্দ্রীয় সরকারি দফতরে বোমাতঙ্ক। বৃহস্পতিবার কৃষ্ণনগর প্রধান ডাকঘর সহ জেলার একাধিক গুরুত্বপূর্ণ দফতরে ই-মেলের মাধ্যমে বোমা রাখার হুমকি আসায় গোটা জেলাজুড়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে।
পুলিশ সূত্রের খবর, এদিন কৃষ্ণনগর পোস্ট অফিসে একটি ই-মেল আসে যেখানে দাবি করা হয়, ভবন চত্বরে আরডিএক্স মজুত রাখা হয়েছে এবং দ্রুত খালি না করলে বিস্ফোরণ ঘটানো হবে। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে আতঙ্কিত কর্মী ও সাধারণ মানুষ ভবন ছেড়ে বেরিয়ে আসেন। পুলিশ ও বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। যদিও শেষ পর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি।
উল্লেখ্য, এর মাত্র দু’দিন আগেই কৃষ্ণনগর জেলা আদালতেও একই কায়দায় ই-মেল পাঠিয়ে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। সেই সময়েও আদালতের কাজ ব্যাহত হয় এবং বিচারপ্রার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পর পর আদালত এবং ডাকঘরের মতো জনবহুল ও গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের হুমকিতে জননিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
নদিয়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে এই ভুয়ো ই-মেলের উৎস চিহ্নিত করার চেষ্টা চলছে। আতঙ্ক ছড়ানোই এই চক্রের মূল উদ্দেশ্য বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। নবান্নের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে যে, নিরাপত্তা ব্যবস্থায় কোনো খামতি রাখা হবে না এবং প্রতিটি ঘটনার গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।