রাষ্ট্রপতির মেল তিলোত্তমার মা-বাবাকে, মিলল আশ্বাস

রাষ্ট্রপতির তরফে ইমেল করা হল তিলোত্তমার মা-বাবাকে। যে ইমেলে তাঁদের দেওয়া হয়েছে পাশে থাকার আশ্বাস। নতুন আশায় বুক বাঁধছেন অসহায় মা-বাবা।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পক্ষ থেকে ইমেল করা হল আরজিকরের নির্যাতিতার মা-বাবাকে। যে ইমেলের হাত ধরে নতুন করে লড়াইয়ের আলো দেখতে পারছেন কন্যাহারা মা-বাবা।

রাষ্ট্রপতির তরফে তাঁদের কাছে যে ইমেল এসেছে তাতে বলা হয়েছে রাষ্ট্রপতির আপ্তসহায়ক, যোগাযোগ করে নেবেন তাঁদের সঙ্গে। তিলোত্তমার বাবা জানিয়েছেন, এতগুলো দিন ধরে দীর্ঘ অপেক্ষার পর রাষ্ট্রপতির কাছ থেকে আমরা একটা ভালো খবর পেয়েছি। রাষ্ট্রপতি বলেছেন ওনার আপ্ত সহায়ক আমাদের সঙ্গে যোগাযোগে থাকবেন। আমাদের যে সমস্যাগুলি হচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা করবেন। এখন একটু হলেও আশা জাগছে। এনারা আমাদের সহযোগিতা করলেও বিচারটা পেতে আমাদের সুবিধা হবে।

তিনি আরও জানিয়েছেন রাষ্ট্রপতির দফতর থেকে ফোন করা হয়েছিল তাঁকে। সেই কথোপকথনে বলা হয়েছে রাষ্ট্রপতি কবে তাঁদের সঙ্গে দেখা করবেন তা ফোন করে জানিয়ে দেওয়া হবে তাঁদের। অর্থাৎ এই ফোনের মাধ্যমে রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎকারের সম্ভাবনায় আরো জোরালো হল এমনটা বলা যায়। এর পাশাপাশি রাষ্ট্রপতির দফতর থেকে ফোনে আরো জানানো হয়েছে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন অভিযানের দিন ঘটে যাওয়া ঘটনা অর্থাৎ নির্যাতিতার মায়ের ওপর পুলিশি হামলার যে অভিযোগ উঠেছিল সেটা খতিয়ে দেখার জন্য।

নবান্ন অভিযানের ঠিক আগেই দিল্লিতে গিয়েছিলেন তিলোত্তমার মা-বাবা। সেই সফরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেও চেয়ছিলেন তাঁরা। কিন্তু তাতেও লাভ হয়নি। কারণ সেই বার রাষ্ট্রপতির তরফে দেখা করার জন্য সময় দেওয়া হয়নি তাঁদের। এমনকি সম্ভাবনা থাকলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ হয়নি তাঁদের। তবে এই ইমেল পেয়ে যেন নতুন করে লড়াইয়ের ময়দানে নামার জন্য তৈরি হচ্ছেন তিলোত্তমার মা-বাবা। এতদিন ধরে বারবার তাঁরা বলেছেন যদি কোনভাবে রাষ্ট্রপতির সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয় সেক্ষেত্রে তাঁরা তাঁদের মেয়ের প্রতি হওয়া অবিচার, তাঁদের মেয়ের ন্যায় বিচার না হওয়া প্রসঙ্গে কথা বলবেন। এবার হয়ত সেই আশা সত্যি হতে চলেছে তাঁদের।