থমকে তৃণমূলের উন্নয়নের পাঁচালির প্রচার

TMC Unnayan panchali: উন্নয়নের পাঁচালির প্রচার বন্ধ হতেই ক্ষুব্ধ এবং হতাশ তৃণমূল নেতৃত্বের একাংশ। মন্ত্রীর ভূমিকায় প্রশ্ন তুলছেন তাঁরা। তাজমুলকে খোঁচা জেলা পরিষদ সদস্য বুলবুলের।

বিশ্বজিৎ মণ্ডল, নিজস্ব সংবাদদাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের প্রাক্কালে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিধানসভায় থমকে গেল উন্নয়নের পাঁচালির প্রচার। টাকা দেওয়া হচ্ছে না টোটো চালকদের। বিধায়কের কাছে গেলে বলা হচ্ছে ব্লক সভাপতির কাছে যেতে। ব্লক সভাপতির কাছে গেলে বলা হচ্ছে বিধায়কের কাছে যেতে। মাত্র দুদিন প্রচার করেই তাই প্রচার বন্ধ করে দিতে বাধ্য হলেন টোটো চালকরা। বিধায়ক এবং ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তারা। আর উন্নয়নের পাঁচালির প্রচার বন্ধ হতেই ক্ষুব্ধ এবং হতাশ তৃণমূল নেতৃত্বের একাংশ। বিধায়ক তথা মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। তাজমুলকে খোঁচা জেলা পরিষদ সদস্য বুলবুলের। এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্য সরকারের উন্নয়নকে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দিতে উন্নয়নের পাঁচালি নিয়ে এলাকায় এলাকায় ঘুরছে একাধিক টোটো। একমাস সেই কর্মসূচি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক বিধানসভায়। কিন্তু হরিশ্চন্দ্রপুরে মাত্র দুদিন পরেই সেই কর্মসূচি বন্ধ হয়ে গিয়েছে। কারণ কর্মসূচির দায়িত্বে থাকা তৃণমূল শ্রমিক সংগঠনের টোটো ইউনিয়নের টোটো চালকরা পারিশ্রমিক পাচ্ছেন না। মাইক এবং টোটো ভাড়া সহ প্রত্যেকদিন টোটো পিছু হাজার টাকা করে দেওয়ার কথা। কিন্তু দুদিন ধরে প্রচার চালানোর পর বিধায়ক তাজমুলের কাছে টাকা চাইতে গেলে তিনি ব্লক তৃণমূল সভাপতি তোবারক হোসেনের কাছে যেতে বলেন। আবার ব্লক সভাপতি পাল্টা বিধায়কের কাছে যেতে বলেন। ফলে নিরূপায় হয়ে প্রচার বন্ধ করে দিয়েছেন টোটো চালকরা। এই পরিস্থিতিতে তৃণমূলের অন্দরেই তৈরি হয়েছে ক্ষোভ। জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অভিযোগ বিধায়ক যেখানে দায়িত্বে রয়েছেন বিষয়টি তার দেখাশোনা করা উচিত। আর না পারলে তাদেরকে বলুক। এমনকি এই ঘটনা আইপ্যাক জানে বলেও দাবি বুলবুলের। হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাসও ক্ষোভ উগরে দিয়েছেন। যদিও শীত পড়েছে বলে পরে প্রচার শুরু হবে বলে সাফাই দিচ্ছেন ব্লক সভাপতি। প্রতিক্রিয়া দিতে চাননি মন্ত্রীও। অপরদিকে চুরি কাটমানি ছাড়া তৃণমূল কিছুই বোঝে না, তোপ বিজেপির।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আবহে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব অভিষেকের সফরের আগে যে দলের অস্বস্তি বাড়াবে সেটা বলাই বাহুল্য।