ধূপগুড়িতে শুভেন্দুকে ঘিরে দুর্গতদের বিক্ষোভ !

বন্যা কবলিত এলাকায় গিয়েও, বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন না শুভেন্দু। ক্ষোভে ফেটে পড়লেন দুর্গত গ্রামবাসীরা

সুপ্রিয় বসাক, নিজস্ব সংবাদদাতা :  বন্যা কবলিত এলাকায় গিয়েও একবারের জন্যও বন্যা বিধ্বস্ত এলাকায় পরিদর্শন করলেন না। শুনলেন না সাধারণ মানুষের কথা।আর তাতেই ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষজন।

ধূপগুড়ির কুর্শামারিতে শুভেন্দু অধিকারীর সফরে ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ক্ষোভে ফেটে পড়লেন বন্যাদুর্গতরা। ধূপগুড়ি ব্লকের কুর্শামারি গ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সফর শেষে বন্যা দুর্গতদের বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবার ত্রাণ শিবিরে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন শুভেন্দু। তাঁর সফর শেষ হতেই বিক্ষোভে ফেটে পড়েন বন্যা কবলিত এলাকার বহু বাসিন্দারা। অভিযোগ, তাঁদের কথা শোনার সুযোগই দেননি বিরোধী দলনেতা। স্থানীয় বিক্ষোভকারীদের দাবি, শুভেন্দুরা ত্রাণ নিতে আসেননি। বরং নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে চেয়েছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী সংক্ষিপ্ত সময়ের মধ্যেই অবস্থান করে ফিরে যান। হোগলাপাতা এলাকার এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, আমরা ত্রাণ নিতে আসিনি। আমরা এসেছিলাম আমাদের দুর্দশার কথা বলতে। কিন্তু বিরোধী দলনেতা সহ বিজেপি কর্মীরা কেউই আমাদের কথা শোনেনি। বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, বিরোধী দলনেতা ত্রাণ শিবিরে গেলেও আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকা বা নদীবাঁধ পরিদর্শন করেননি। এর জেরে স্থানীয়দের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। বিক্ষোভে সামিল হন তাঁরা। পরিস্থিতি ঘোরতর পর্যায়ে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যেতে হয় পুলিশ প্রশাসনকে।

সম্প্রতি ভারী বৃষ্টি এবং বন্যার জেরে ধূপগুড়ি ব্লকের একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি ভেঙে পড়ায় ঘরছাড়া বহু মানুষ। অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন শুনে আশায় বুক বেঁধেছিলেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। শুভেন্দুর সফর ঘিরে তাঁদের প্রত্যাশা ছিল। কিন্তু দুঃখের কথা বলতে না পারায়  বিক্ষোভে ফেটে পড়লেন দুর্গত গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা জানাচ্ছেন, “এলাকায় প্রায় ৮০-৯০টা পরিবার ক্ষতিগ্রস্ত। বাসস্থান ভেসে গিয়েছে বন্যার জলে। চাল, ডাল নিতে নয়, বিরোধী দলনেতাকে দুঃখের কথা বলতে এসেছিলাম, উনি একটা কথাও শুনলেন না।”

২০২৬-এর ভোটের প্রস্তুতি শুরু করেছে দিয়েছে রাজনৈতিক দলগুলি। উত্তরবঙ্গকে লক্ষ্য করে ভোটে ঝাঁপাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। এই পরিস্থিতিতে শুভেন্দুর সফর ঘিরে দুর্গতদের এই  বিক্ষোভের অ্যাডভান্টেজ নেবে তৃণমূল কংগ্রেস তা বলাই বাহুল্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দুবার ছুটে গিয়েছেন উত্তরবঙ্গে। এলাকা পরিদর্শন করে ব্রিজ নির্মাণের নির্দেশ দিয়ে এসেছেন। ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলির পাশাপাশি চাকরির নিয়োগপত্রও হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী যাও বা উত্তরবঙ্গে গেলেন, কিন্তু দুর্গতদের কথা শুনলেন না। এই পরিস্থিতিতে ধূপগুড়িরর ওই ভোটারদের কি আদৌ পাশে পাবে গেরুয়া শিবির, প্রশ্ন উঠেছে।