প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক পোস্টার !

হাবড়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক পোস্টার নিয়ে চাঞ্চল্য। পথ অবরোধে সামিল হলেন বিজেপি কর্মীরা।

সত্যজিৎ চক্রবর্তী, নিজস্ব সংবাদদাতা :  হাবড়া বিধানসভার কুমড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে টাঙানো একাধিক পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গোপনে বিভিন্ন লাইটপোস্টে এই পোস্টার লাগিয়ে যায়। সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের পাশাপাশি, “ছুরি মেরেছে বিজেপি।ছাব্বিশে দেখে নেব” এমন উস্কানিমূলক কথাও লেখা ছিল। পোস্টারের গায়ে বড় অক্ষরে “হাবড়া মতুয়াদের পোস্টার” লেখা দেখা যায়।

ঘটনার প্রতিবাদে হাবড়া গৌড়বঙ্গ রোডের কাশিপুর এলাকায় বিজেপির পক্ষ থেকে প্রায় দেড় ঘণ্টা পথ অবরোধ করা হয়। এর ফলে দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। যান চলাচলে ব্যাঘাত ঘটে। পরে হাবড়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পদক্ষেপের আশ্বাস দেয়। তারপর অবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা।

এদিকে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রয়োজনে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হতে পারে বলে খবর।