গড়িয়ার তেঁতুলতলায় পার্লারে প্রকাশ্যে খুন !

প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক !

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দিনেদুপুরে বিউটি পার্লারের ভিতরে কুপিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য। মঙ্গলবার দক্ষিণ কলকাতার গড়িয়ার তেঁতুলতলা এলাকায় ঘটনাটি ঘটে। মৃতার নাম রুপবানী দাস, বয়স ৫০। তাঁর স্বামী অনুপ কুমার দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুপবানী দেবীর একটি বিউটি পার্লার রয়েছে এলাকায়। প্রায় ১৫ বছর পুরনো এই পার্লার।

মঙ্গলবার দুপুর প্রায় ১২টা ৫ মিনিট নাগাদ স্বামী তাঁকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে যান। এরপর প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ পার্লার থেকে ফোন যায় বাড়িতে—জানানো হয়, ভিতরে মারামারি চলছে। খবর পেয়ে স্বামী, ছেলে ও জামাইবাবু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। গিয়ে দেখে চারদিকে রক্তে ভেসে যাচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক কাশ্মীরি যুবকের সঙ্গে রুপবানী দাসের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপড়েন থেকেই এই জোড়া খুনের ঘটনা বলে অনুমান পুলিশের। প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলাকে খুন করার পর অভিযুক্ত যুবক নিজেই নিজের গলায় ধারালো অস্ত্র চালায় এবং ঘটনাস্থলেই মারা যান।

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।