দীর্ঘ প্রতীক্ষার অবসান, শুরু আমতলা–বারুইপুর রাস্তার সংস্কার — উপকৃত হবেন লক্ষাধিক মানুষ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে চলেছে আমতলা–বারুইপুর সড়কে। অবশেষে বহু প্রতীক্ষিত রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল। প্রায় ৫ কোটি ৮৭ লক্ষ ৫৭ হাজার ৯৪১ টাকা ব্যয়ে এই গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া ছড়িয়েছে এলাকার সাধারণ মানুষের মধ্যে।
বারুইপুর থেকে আমতলা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই সড়ক বহুদিন ধরেই এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ কর্মসূত্রে বা বিভিন্ন কাজে এই রাস্তা ব্যবহার করেন। তবে দীর্ঘদিন ধরে রাস্তার একাধিক অংশ বেহাল অবস্থায় থাকায় নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছিল। বিশেষ করে আশা ভবন থেকে কোম্পানি পুকুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার অবস্থা ছিল অত্যন্ত খারাপ। বড় বড় গর্ত, ভাঙাচোরা পিচ এবং বৃষ্টির সময় জল জমে যাওয়ার কারণে যানবাহন চলাচল প্রায় বিপজ্জনক হয়ে উঠেছিল।

এই পরিস্থিতিতে বারবার রাস্তা সংস্কারের দাবি তুলেছিলেন এলাকার বাসিন্দারা। অবশেষে সেই দাবিরই বাস্তব রূপ পেল। রাস্তা সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ মণ্ডল সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা।
মন্ত্রী দিলীপ মণ্ডল জানান, এই প্রকল্পের আওতায় প্রায় আড়াই কিলোমিটার রাস্তা পেভার ব্লক দিয়ে তৈরি করা হবে এবং আরও প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা সম্পূর্ণভাবে সংস্কার করা হবে। তিনি বলেন, “বারুইপুর থেকে আমতলা পর্যন্ত মোট ১৮ কিলোমিটার রাস্তার মধ্যে পাঁচ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় ছিল। এই সংস্কার কাজ সম্পন্ন হয়ে গেলে এই বিধানসভা এলাকায় আর কোনো বড় রাস্তা খারাপ অবস্থায় থাকবে না।”

তিনি আরও জানান, এই রাস্তা সংস্কার হয়ে গেলে প্রতিদিন প্রায় চার লক্ষ মানুষের যাতায়াত অনেকটাই সহজ ও নিরাপদ হবে। স্থানীয় ব্যবসায়ী, ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষসহ সাধারণ মানুষের জন্য এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে রাস্তা সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় মানুষজন। তাদের আশা, দ্রুত কাজ শেষ হয়ে গেলে যাতায়াতের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থাও আরও উন্নত হবে।