সাধুবেশে একাধিক পরিবারে চুরির অভিযোগ

ইসকনের মহারাজ পরিচয় দিয়ে একাধিক বাড়িতে চুরির অভিযোগ, ঘটনায় চিন্তায় পুলিশ প্রশাসন।

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা: নিজেকে ইসকনের মহারাজ পরিচয় দিয়ে একাধিক বাড়িতে ঢুকে পুজো করার নাম করে টাকা-পয়সা এবং সোনার অলঙ্কার লুঠের অভিযোগ। নদিয়ার শান্তিপুর থানার দারস্থ একাধিক পরিবার। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। জানা গিয়েছে বেলঘড়িয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা লক্ষ্মী নায়েক এবং শেফালী বিশ্বাস। একজনের বাড়ি ঘোড়ালিয়া বাইপাস পাড়া এবং অপর আরেকজনের বাড়ি বাথনা স্টেশন সংলগ্ন এলাকায়। দিন কয়েক আগে ওই এলাকায় গেরুয়া বসন পরে মাথায় ফেট্টি এবং শরীরে তুলসীর মালা অর্থাৎ মায়াপুর ইসকনের মহারাজ সেজে ওই এলাকার বিভিন্ন বাড়িতে প্রবেশ করেন এবং মহিলাদেরকে ভবিষ্যদ্বানী শুনিয়ে ভয় দেখায় তাদের। জানা যায় নিজেকে গোপাল দাস মহারাজ বলে পরিচয় দিয়েছে সে। এরপর একাধিক মহিলাকে বলেন তোর বাড়িতে গোপাল পুজো করতে হবে না হলে সামনে বিপদ আছে। সেই ভয়ে তারা গোপাল পূজার আয়োজন করেন এবং ওই মহারাজ পুনরায় ওই বাড়িতে এসে দরজা বন্ধ করে ভিতরে পুজো শুরু করেন। পুজো করে চলে যান। পরবর্তীকালে সেই ঘট কীভাবে ফেলবেন সেই নিয়মাবলী জানার কারণে ওই মহারাজকে একাধিকবার ফোন করেন স্থানীয়রা। কিন্তু তাঁর ফোন সুইচ অফ করে রাখা হয়েছে বলে অভিযোগ। এরপরই ওই মহিলাদের সন্দেহ হয় ঘরে ঢুকে আলমারি খুলতেই দেখে তাদের নগদ টাকা সোনার অলংকার নিয়ে চম্পট দিয়েছে ওই সাধুরূপী চোর। এরপর ওপর আরেক মহিলাও দেখেন তার ঘরের সোনা এবং টাকা পয়সা নেই। অবশেষে তারা শান্তিপুর থানার দ্বারস্থ হন। তারা চাইছেন অবিলম্বে পুলিশ তদন্ত শুরু করে যাতে অপরাধীকে আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। তাদের চুরি হওয়া টাকা পয়সা এবং গয়না ফেরত দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। অভিযোগের ভিত্তিতে তৎপরতার সাথে তদন্ত করুক পুলিশ, দাবি প্রতারিতদের।