রাজ্যের পরিকাঠামো ও পর্যটন ব্যবস্থাকে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন মন্দিরের সংস্কারের কাজ শুরু হয়েছে। এবার পর্যটকদের যাতায়াত আরও সহজ করতে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে চালুর পরিকল্পনা করা হচ্ছে। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ির সঙ্গে বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণেশ্বর ও বেলুড় মঠের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হতে পারে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
দক্ষিণেশ্বর ও বেলুড় মঠে প্রতিদিনই দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও পর্যটকের সমাগম হয়। বিশেষ উৎসব কিংবা পুণ্যতিথিতে সেই ভিড় আরও বেড়ে যায়। বর্তমানে এক তীর্থস্থান থেকে অন্যটিতে পৌঁছনোর জন্য সড়কপথ ও জলপথের উপরেই নির্ভর করতে হয়। গাড়ি বা ট্যাক্সিতে জিটি রোড এবং বালি ব্রিজ হয়ে যাওয়া যায়। পাশাপাশি গঙ্গার উপর দিয়ে ফেরি ও লঞ্চ পরিষেবাও রয়েছে। এবার এই দুই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের মধ্যে যাতায়াত আরও সহজ করতে রোপওয়ে চালুর পরিকল্পনা করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রস্তাবিত প্রকল্পের প্রাথমিক কাজ হিসেবে ইতিমধ্যেই ম্যাপিং শুরু হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দক্ষিণেশ্বর ও বেলুড় মঠের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে খুলে যেতে পারে নতুন দিগন্ত।
পাহাড়ের পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করতে দার্জিলিং ও কার্শিয়াংয়ের মধ্যেও রোপওয়ে চালুর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ চলছে। বর্তমানে কার্শিয়াং থেকে দার্জিলিং যেতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মূলত হিলকার্ট রোড কিংবা বিকল্প পাহাড়ি রাস্তার উপর নির্ভর করতে হয়। পর্যটনের ভরা মরশুমে এই রাস্তাগুলিতে যানবাহনের চাপ এতটাই বেড়ে যায় যে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হয়। অন্যদিকে, বর্ষাকালে পাহাড়ে ধস নামলে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে সমস্যায় পড়েন পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এই ভোগান্তি কমানোর পাশাপাশি পাহাড়ি পর্যটনে নতুন আকর্ষণ যোগ করতেই রোপওয়ে চালুর উদ্যোগ নিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার।