রাশিয়া-ইউক্রেন সংঘাতে নতুন উত্তাপ, মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত মিত্তলের ইস্পাত কারখানা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ফের বাড়ল উত্তেজনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির শহর ক্রিভি রিহ-তে ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি লক্ষ্মী মিত্তলের সংস্থা আর্সেলর মিত্তলের ইস্পাত কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। হামলায় মৃত্যু হয়েছে দু’জনের। আহত ১৪ জন কর্মী। ক্ষেপণাস্ত্রের আঘাতে কারখানার বিদ্যুৎ ও ব্লাস্ট ফার্নেস-সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন আংশিক ভাবে বন্ধ রাখতে হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ক্রিভি রিহ-র ধাতু কারখানা ছাড়াও ইউক্রেনের একাধিক সামরিক-শিল্প পরিকাঠামো ছিল হামলার লক্ষ্য। তার মধ্যে কিভে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত একটি কারখানাও রয়েছে। অন্য দিকে জ়েলেনস্কির অভিযোগ, রুশ হামলায় মূলত নাগরিক পরিকাঠামোই ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন শহরে ১,৫৫০টিরও বেশি ড্রোন, প্রায় ১,৫৬০টি গাইডেড বোমা এবং ৬২টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি তাঁর।
এর আগে রাশিয়ার উপর নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভরোবিয়ভের দাবি, হামলায় অন্তত ছ’জনের মৃত্যু হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাতভর দেশের বিভিন্ন এলাকায় ৮২২টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের দাবি, রাজধানীর দিকে প্রায় ৬০০টি ড্রোন এগিয়ে এসেছিল। তার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ মস্কো অঞ্চলের আকাশেই ধ্বংস করা হয়।

মস্কো অঞ্চলে একটি বাড়িতে ড্রোন আঘাত হানায় ৮৩ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পোদলস্কে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরো সংস্থা ওয়াইল্ডবেরিজ়-এর একটি গুদামেও হামলার পর আগুন লাগে। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের রোস্তভ অঞ্চলের তিনটি শহরেও ১৫০টির বেশি ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। সেখানে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ও একটি রেলস্টেশন।
যুদ্ধের প্রায় সাড়ে চার বছর পর সাম্প্রতিক সময়ে দুই দেশই সামনের রণক্ষেত্রের পাশাপাশি একে অপরের ভূখণ্ডের গভীরে হামলা বাড়িয়েছে। সামরিক পরিকাঠামো, জ্বালানি কেন্দ্র এবং সরবরাহ ব্যবস্থাকে নিশানা করছে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ফলে সাধারণ মানুষের মৃত্যুও বাড়ছে।
এ দিকে রাশিয়া-ইউক্রেন সংঘাতের আঁচ পৌঁছেছে ন্যাটো-ভুক্ত রোমানিয়াতেও। সে দেশের আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোনকে স্পেনের এফ-১৮ যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে বলে জানিয়েছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। সীমান্তবর্তী এলাকায় একের পর এক ড্রোন হামলার ঘটনায় ইউরোপের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।