ভূগোলে ‘গোল’ নাকি অন্য কোনও ইঙ্গিত দিতে পাকিস্তান-বালুচিস্তান মন্তব্য সল্লু মিয়াঁর ?
রিয়া হালদার, সাংবাদিক: পাকিস্তান-বালোচিস্তান বিতর্ক চলছে বহু দিন ধরেই। কি বিতর্ক তা আপনারা কমবেশি জানেন। আরও একবার মনে করিয়ে দিই। বালোচিস্তান স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায়। কিন্তু পাকিস্তান সরকারের দাবি, তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বালোচিস্তান। যা নিয়ে বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। আর এসবের মাঝেই গোল পাকিয়েছেন বলিউড অভিনেতা সলমন খান। তাঁর মন্তব্যে সমাজমাধ্যমে এখন সমালোচনার ঝড়। কি এমন বলে ফেললেন যার ফলে তাঁকে কটাক্ষের সম্মুখীনও হন। চলুন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

সম্প্রতি সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সলমন। শুধু সলমন নয়। বলিউডের তিন খান সলমন, শাহরুখ ও আমিরকে একই মঞ্চে দেখা যায়। তিন খানকে একসঙ্গে দেখা ভক্তদের কাছে হাতে চাঁদ পাওয়ার সামন। অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন প্রচুর বলিউড ফ্যান। সৌদি আরবের রিয়াধে জয় ফোরাম ২০২৫-এর একটি ইভেন্টে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। ভক্তদের কাছে এটি কোনও বিস্ময়ের চেয়ে কম ছিল না। আর অনুষ্ঠানে তিন অভিনেতাই ইন্ডাস্ট্রি ও তাদের কাজ নিয়ে খোলামেলা কথা বলছেন গল্প করেছেন ভক্তদের সঙ্গে। সেখানে ভারতীয় ছবির উন্নতি নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল সলমনের মুখে। তিনি বলেন, ‘আজ সৌদি আরবে হিন্দি ছবি মুক্তি পেলে তা সুপারহিট হয়ে যায়। শুধু তাই নয়, তামিল, তেলেগু এবং মালয়ালম চলচ্চিত্রগুলিও এখানে দুর্দান্ত ব্যবসা করছে, কারণ অনেক দেশের মানুষ এখানে থাকেন এবং কাজ করেন’। সল্লু মিঁয়া আরও বলেন, ‘আমাদের দেশ থেকে অনেক মানুষ এখানে এসেছেন। বালোচিস্তানের মানুষ, আফগানিস্তানের মানুষ, পাকিস্তানের মানুষ সবাই এখানে কাজ করে।’ ব্যাস গন্ডোগোলের সূত্রপাত সেখান থেকেই।
তিনি পাকিস্তান ও বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করে বসেন। তিনি বলেন পাকিস্তানের অংশই নয় বালোচিস্তান! কথাটি কি সলমন মুখ ফসকে বলে ফেললেন নাকি এর পিছনে রয়েছে কোনও ইঙ্গিত? তা নিয়েই বিতর্ক তুঙ্গে। প্রশ্ন উঠছে, জেনেবুঝেই কি ‘ভুল’ কথা বললেন সলমন? সত্যিই কি ভূগোলে ‘গোল’ বলিউড অভিনেতা? নাকি পুরোটাই পরিকল্পনামাফিক! সম্প্রতি সলমন খানের একটি ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে দারুণ তরজা। সলমনের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। আর তারপর থেকে শুকু ট্রোল। অনেকেই বলছেন যে, যাক সলমন খান অন্তত বুঝে গিয়েছেন, বালোচিস্তান আর পাকিস্তানের অংশ নয়।
আবার কিছু লোকের বিশ্বাস পুরোটাই স্লিপ অফ টাং, অর্থাৎ মুখ ফসকে এমনটা বলে ফেলেছেন সলমন। কেউ লেখেন, ‘সলমন খান অবশেষে মেনে নিলেন যে বালোচিস্তান পাকিস্তানের অংশ নয়’। একই সময়ে, অন্য একজন লিখেছেন, ‘এখন সলমন হয়ত বালোচিস্তানের সমর্থন পেতে চাইছেন’। তবে এ বিষয়ে এখনও সলমন খানের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বালুচিস্তান পাকিস্তানের বৃহত্তম অংশ, যেখানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতার পক্ষে লড়াই চলছে। গৃহযুদ্ধে ছিন্নভিন্ন পাকিস্তান। ভারত-পাকিস্তান বিভাজনের পর পাকিস্তান বালুচিস্তানকে তার অংশে অন্তর্ভুক্ত করলেও সেখানকার অনেক সংগঠন ক্রমাগত স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে। বলা হয়, ওই এলাকার প্রাকৃতিক সম্পদের সুফল স্থানীয় মানুষ পায় না, যার কারণে সমস্যা বেড়েছে। এমন পরিস্থিতিতে সলমন খানের বক্তব্য স্ফুলিঙ্গের মতো কাজ করেছে বলাই যায়।
সলমন আপতত বিগ বসের নতুন সিজন হোস্ট করছেন, এর পাশাপাশি ব্যাটল অফ গালওয়ানের শ্যুটিংয়ে ব্যাস্ত সুপারস্টার। সিকান্দারের ব্য়র্থতা ভুলে আপতত ভারত-চিন সংঘাতের উপর ভিত্তি করে তৈরি এই ছবিই সলমনের বড় বাজি।