১৫ জানুয়ারি থেকেই সেবাশ্রয় প্রকল্প শুরু হচ্ছে নন্দীগ্রামে।

মাম্পি রায়, সাংবাদিক : ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণ্ডি পেরিয়ে এবার নন্দীগ্রামে পৌঁছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয় প্রকল্প’। নন্দীগ্রামের শহিদদের পরিবারের সদস্য়দের হাতে এই সেবাশ্রয়ের উদ্বোধন করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
তারপরই চোখা চোখা ভাষায় বিরোধী দলনেতা শুভেন্দুকে বিঁধলেন অভিষেক। তিনি বলেন, “নন্দীগ্রাম এমন একটি বিধানসভা যেখানে আমাদের সাংসদ বিধায়ক নেই, তাই এখানে সেবাশ্রয়ের আয়োজন করা হল। নন্দীগ্রামের সাধারণ মানুষ ফোন করে সেবাশ্রয়ের জন্য আবেদন করেছেন। আগামী ১৫দিন চলবে এই সেবাশ্রয় ক্যাম্প। কলকাতা সহ একাধিক জায়গায় রেফার করা হলেও চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা করবো। ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর জন্য সেবাশ্রয় বন্ধ থাকবে।”

এরপরই শুভেন্দুকে নিশানা করে অভিষেকের তোপ, “৫ বছরে নন্দীগ্রামের জন্য কী করেছেন ? জনপ্রিতিনিধি হিসেবে একজন পরিযায়ীকেও সাহায্য করেননি এখানকার বিধায়ক। এই যে এসআইআরের জন্য ৮ জন পূর্ব মেদিনীপুরে আত্মঘাতী হয়েছে। ৮ জনের মধ্যে ৬ জন হিন্দু। যারা নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করে তারা কী করেছে?”

অভিষেক আরও বলেন, “মানুষ তৃণমূলকে কাজের সুযোগ দিলে সেবাশ্রয় বছর বছর হবে। আমার লক্ষ্য ২৮৪ আসনে জেতার। বাকিটা জনতা ভেবে দেখবে।”

আইপ্যাককাণ্ড নিয়ে অভিষেকের তোপ, “আমাদের প্রশ্ন আইপ্যাকের অফিস তো চেন্নাই, হায়দরাবাদেও আছে। সেখানে তো রেইড করলেন না ? এখানেই রেইড কেন? রেইডের তথ্য আমাদের কাছেও আছে। সেই তথ্য যদি আমরা হাইকোর্ট বা সুপ্রিমকোর্টে তুলে ধরি তারা পালানোর জায়গা পাবে না। সাংবাদিকরা ইডির পঞ্চনামা পড়বেন। বলা হচ্ছে মুখ্যমন্ত্রী তথ্য নিয়ে চলে গেছেন। অফিসাররা রেইড করে যে পঞ্চনামা লিখেছেন সেটা পড়বেন। আমাদের হাতে যে তথ্য রয়েছে পেশ করবো। অন্যদিকে ইডি চায় না হাইকোর্টে শুনানি হোক। ইডি যে পিটিশন ফাইল করেছিল, তাতেই অ্যাডজর্নমেন্ট চাইছে। হাইকোর্টের পর সুপ্রিমকোর্টে ফাইল করেছে। এর কারণ কী? এমন কী হল? সুপ্রিমকোর্ট যা নির্দেশ দিয়েছে এটা অন্তর্বর্তী আদেশ। পরবর্তী আদেশ এখনও বাকি আছে। “