‘শক্তি প্রদর্শন’ নিয়ে অভিষেককে হুঁশিয়ারি শান্তনুর

ঠাকুরবাড়িতে ‘শক্তি প্রদর্শন’ বরদাস্ত নয় অশোকনগর থেকে কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শান্তনু ঠাকুরের।

সত্যজিৎ চক্রবর্তী, নিজস্ব সংবাদদাতা : অশোকনগর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়ি সফরকে ঘিরে সীমানা টেনে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর। অশোকনগর–কল্যাণগড় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে বিজেপির উদ্যোগে একটি রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শান্তনু। অশোকনগরের একেরতিন মোড়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেন তিনি। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শান্তনু ঠাকুর অভিযোগ করেন, “এসআইআর থেকে শুরু করে রাজ্যবাসী—সবাই বঞ্চনার শিকার। “

সভা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু জানান, আগামী ৯ তারিখ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসতে পারেন। এই প্রসঙ্গেই তাঁর কড়া হুঁশিয়ারি, “যদি কেউ ঠাকুরবাড়িতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে আসেন,তবে পুজো দিতে দেওয়া হবে না। তবে সাধারণভাবে সীমিত নিরাপত্তা নিয়ে আসা হলে এবং পুজো দিয়ে ফিরে গেলে কোনও আপত্তি নেই।”
শান্তনু ঠাকুর আরও বলেন, “ঠাকুরবাড়িকে নাকাবন্দি করে রাজনৈতিক কর্মসূচি বা শক্তি প্রদর্শন বরদাস্ত করা হবে না। শক্তি প্রদর্শনের জন্য অন্য জায়গা রয়েছে।”

তাঁর অভিযোগ, “মুসলিম ভোট হাতছাড়া হওয়ায় এখন মতুয়া ভোটের দিকে তাকিয়ে তৃণমূল। কিন্তু ঠাকুরবাড়িকে সেই কাজে ব্যবহার করতে দেওয়া হবে না।”
এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ময়দানে শাসক-বিরোধী দুই পক্ষই। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর বিভিন্ন সম্প্রদায়ের পাশাপাশি মতুয়াদের মন পেতে মরিয়া হয়ে উঠেছে তারা। এই আবহে আগামী ৯ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরনগর ঠাকুরবাড়ি সফর। শাসক বিরোধী দড়ি টানাটানির মধ্যে সেই সফর কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেটাই দেখার।