১৬ ডিসেম্বর ঢাকায় ফিরবেন হাসিনা?

ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর এ বার দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসের দিনই ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় বিমান পাঠানোরও অনুরোধ জানিয়েছেন তিনি। তবে দেশে ফিরলেই তাঁর বিরুদ্ধে শুরু হবে আইনি প্রক্রিয়া। কারণ, মানবতাবিরোধী অপরাধের মামলায় ইতিমধ্যেই তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার আন্দোলনের জেরে ১৫ বছরের প্রধানমন্ত্রিত্বের অবসান হয় হাসিনার। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। তার পর থেকে দিল্লিতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এ বার সেই নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, ২০২৪ সালে হাসিনা যে ভাবে বাংলাদেশের বিমানেই ভারত এসেছিলেন, একই ভাবে দেশে ফেরার ক্ষেত্রেও জাতীয় বিমান ব্যবহারের ব্যবস্থা করা উচিত। সেই মর্মে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

হাসিনার সহযোগী আবু ওবায়দা আরিনের দাবি, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের মানুষের সঙ্গে থাকতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর দেশে ফেরা বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি ফেরানোর পথও খুলে দিতে পারে বলে দাবি করেছেন তিনি।

তবে হাসিনার প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় প্রশ্ন আইনি জটিলতা। ২০২৪ সালের আন্দোলনে শত শত মানুষের মৃত্যুর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। অনুপস্থিতিতে সেই মামলায় মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। হাসিনা অবশ্য সেই রায় প্রত্যাখ্যান করেছেন। দেশে ফিরলে আইনি লড়াই চালাতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

অর্থাৎ ১৬ ডিসেম্বর হাসিনা সত্যিই ঢাকায় ফিরবেন কি না, ফিরলে তাঁকে কী ভাবে গ্রেফতার করা হবে এবং তার পর আইনি প্রক্রিয়া কোন পথে এগোবে—সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তৈরি হয়েছে জল্পনা।