রাজ্যে ভোটার তালিকার SIR শুনানি পর্বের সূচনা নদিয়ার কৃষ্ণনগরে। সিএমএস স্কুলে নথি হাতে হাজির হলেন বয়স্ক নাগরিকরা।

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা: রাজ্যের ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) সংক্রান্ত শুনানি পর্বের সূচনা হল নদিয়ার কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের সিএমএস স্কুলে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ শুনানি প্রক্রিয়া। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ভোটাররা, বিশেষ করে বয়স্ক নাগরিকরা, প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে শুনানিতে অংশ নিতে আসছেন।

ভোটার তালিকা সংশোধন, নাম সংযোজন, তথ্য যাচাই ও সম্ভাব্য ত্রুটি সংশোধনের উদ্দেশ্যেই এই SIR শুনানি পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, জন্ম শংসাপত্র, বাসস্থানের প্রমাণসহ একাধিক নথি জমা দিয়ে নিজেদের দাবি পেশ করছেন ভোটাররা। এদিন শুনানি কেন্দ্রে বয়স্ক নাগরিকদের উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, SIR প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকাকে আরও স্বচ্ছ, নির্ভুল ও আপডেট করাই মূল লক্ষ্য। যাতে কোনও যোগ্য ভোটারের নাম বাদ না পড়ে বা ভুল তথ্য না থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতেই এই শুনানির ব্যবস্থা।
শুনানি কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের সহায়তার জন্য আলাদা কাউন্টার ও হেল্প ডেস্কও খোলা হয়েছে বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দাদের মতে, ভোটার তালিকার SIR শুনানি গণতান্ত্রিক প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। বিশেষ করে বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে ভোটাধিকার সুরক্ষিত রাখতে এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তাঁরা।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাজ্যের অন্যান্য জেলাতেও পর্যায়ক্রমে SIR শুনানি পর্ব অনুষ্ঠিত হবে।