বিদেশের মঞ্চে ভারতের তরুণদের হয়ে কথা বলতে যাচ্ছিলেন তিনি। গন্তব্য ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। আমন্ত্রণ এসেছিল অক্সফোর্ড ইউনিয়নের প্যানেল আলোচনায় অংশ নেওয়ার। কিন্তু সেই আলোচনায় যোগ দেওয়া তো দূরের কথা, দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারই পেরোতে পারলেন না ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস! লন্ডনগামী বিমানে ওঠার আগেই তাঁকে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। প্রশ্ন তুলেছেন, দেশের এক তরুণের বিদেশের বিশ্ববিদ্যালয়ে গিয়ে কথা বলাতেও কি এত ভয় সরকারের?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সৌরভ দাসের দাবি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। অক্সফোর্ড ইউনিয়নের প্যানেল আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর। সেই মতো মঙ্গলবার রাত ১টায় দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমানে ওঠার কথা ছিল। কিন্তু নির্ধারিত যাত্রার আগে ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছতেই বাধার মুখে পড়েন তিনি। সৌরভের অভিযোগ, ইমিগ্রেশন আধিকারিকরা তাঁকে জানান, তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগ’ করা রয়েছে। অর্থাৎ, পাসপোর্টটি সন্দেহজনক বা বিশেষ নজরদারির তালিকায় রয়েছে বলে তাঁকে জানানো হয়। এরপরই বিদেশযাত্রা কার্যত আটকে যায়। তবে কেন তাঁর পাসপোর্ট ফ্ল্যাগ করা হয়েছিল, কোন কর্তৃপক্ষের নির্দেশে এই পদক্ষেপ, সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।
ঘটনার পর সমাজমাধ্যমে সরব হন সৌরভ। ‘এক্স’ হ্যান্ডলে কেন্দ্রকে নিশানা করে তাঁর বক্তব্য, “এই মোদী সরকার ভয় পেয়ে আমাকে দিল্লি বিমানবন্দরে আটকে দিয়েছে। ফলে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করার জন্য লন্ডনের উদ্দেশে যেতে পারিনি।” তাঁর প্রশ্ন, একজন শিক্ষিত তরুণ যখন অন্য শিক্ষিত মানুষের সঙ্গে একটি আলোচনায় অংশ নিতে চান, তখন সরকার এত ভয় পাচ্ছে কেন?
সৌরভের বক্তব্যের কেন্দ্রে শুধু বিদেশযাত্রা আটকে যাওয়ার অভিযোগ নয়, রয়েছে মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও প্রশ্ন। তাঁর দাবি, অক্সফোর্ডের মতো আন্তর্জাতিক মঞ্চে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ থেকেই তাঁকে বঞ্চিত করা হল। আর এই ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছেন ককরোচ নেতৃত্ব। সৌরভের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা তথা সংগঠনের প্রধান মুখ অভিজিৎ দিপকেও। তাঁর দাবি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সৌরভ আমন্ত্রণ পাওয়ায় ক্ষমতার অলিন্দে থাকা কারও কারও হিংসে হচ্ছে। সেই কারণেই দিল্লি বিমানবন্দরে তাঁকে এ ভাবে আটকে দেওয়া হয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তিনি আরও বলেন, একজন অশিক্ষিত মূর্খ ক্ষমতায় রয়েছেন যিনি নিজে বিশ্ব ভ্রমণ করেন কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও সৌরভকে বিমানে উঠতে বাধা দেওয়া হল। যদিও এই রাজনৈতিক অভিযোগের স্বপক্ষে এখনও কোনও প্রমাণ প্রকাশ্যে আসেনি। কেন্দ্রীয় সরকারের তরফেও এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে কোনও বিস্তারিত ব্যাখ্যা সামনে আসেনি। কিন্তু প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে সৌরভের বিদেশযাত্রায় বাধা দেওয়া হল? তাঁর পাসপোর্ট কেন ফ্ল্যাগ করা হয়েছিল? কোনও প্রশাসনিক বা নিরাপত্তাজনিত কারণ রয়েছে, নাকি এর পিছনে সত্যিই রাজনৈতিক কোনও উদ্দেশ্য কাজ করেছে? এই প্রশ্নগুলির উত্তর এখনও অধরা। আর সেই কারণেই ঘটনাটি ঘিরে বিতর্ক আরও তীব্র হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ককরোচ জনতা পার্টির একের পর এক কর্মসূচি জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। নিট প্রশ্নফাঁসের অভিযোগে আন্দোলন থেকে শুরু করে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি- বিভিন্ন ইস্যুতে কেন্দ্র এবং একাধিক রাজ্যের সরকারকে নিশানা করেছে তারা। সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠনটি। এই ধারাবাহিক আন্দোলনের জেরে ককরোচদের সঙ্গে কেন্দ্রের সংঘাত যে নতুন নয়, তা স্পষ্ট। তবে এবার বিতর্কের মঞ্চ দিল্লি বিমানবন্দর। একদিকে সৌরভের বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ, অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ- দু’পক্ষের অবস্থান ঘিরে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আলোচনায় যোগ দিতে যাওয়ার পথে একজন রাজনৈতিক সংগঠনের নেতাকে কেন থামতে হল, তার স্পষ্ট ব্যাখ্যা এখনও সামনে আসেনি। প্রশাসনিক কারণ থাকলে তা প্রকাশ করা হোক, আর রাজনৈতিক উদ্দেশ্য থাকলে তারও জবাবদিহি হোক- এমন প্রশ্নই উঠছে। কারণ, গণতন্ত্রে সরকারের সমালোচনা করা যেমন নাগরিকের অধিকার, তেমনই কোনও প্রশাসনিক পদক্ষেপের কারণ জানার অধিকারও সাধারণ মানুষের রয়েছে। এখন দেখার, সৌরভ দাসের অভিযোগ নিয়ে কেন্দ্র কী ব্যাখ্যা দেয়।