ললিপপ দেখাবেন মুখ্যমন্ত্রী : সুকান্ত

“ভোট হয়ে গেলে গঙ্গাসাগর সেতু তো দূরের কথা, ললিপপ দেখাবে রাজ্যের মুখ্যমন্ত্রী।”

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা :  “ভোট হয়ে গেলে গঙ্গাসাগর সেতু তো দূরের কথা ললিপপ দেখাবে রাজ্যের মুখ্যমন্ত্রী।” গঙ্গাসাগরে গিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

মঙ্গলবার গঙ্গাসাগরের পুণ্যস্নান ও বিজেপি ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। আর তার আগে লট নম্বর এইটে উপস্থিত হয়ে তিনি জানান, ”রাজ্যের মুখ্যমন্ত্রী যে গঙ্গাসাগর সেতুর কথা বলেছেন তা পুরোটাই মিথ্যে। সমস্তটাই ভোটের রাজনীতি।  ভোট হয়ে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী ললিপপ দেখাবে।”

অন্যদিকে এবারে গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক চুরি ও ছিনতাই এর ঘটনা ঘটেছে তা নিয়ে তিনি বলেন, ”মুখ্যমন্ত্রী পুলিশ বরাবরই হিন্দু মেলার ক্ষেত্রে নিষ্ক্রিয়। পুণ্যার্থীরা আসেন শুধুমাত্র গঙ্গা মাতার জন্য।”

আগামীদিনে বিজেপি ক্ষমতায় এলে বিজেপি দেশ-বিদেশের মানুষের জন্য গঙ্গাসাগর হল করে দেবে বলেও আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

সোমবার বিকেলে প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রায় ৪৫ লক্ষ তীর্থযাত্রী ইতিমধ্যেই সাগর মেলায় এসেছেন বলে দাবি প্রশাসনের। এই ইস্যুতে সুকান্ত মজুমদার বলেন, ”এখনও পর্যন্ত ৪৫ লক্ষ না, মোট ৩০ হাজার পুণ্যার্থী এসেছেন।”

গঙ্গাসাগরে আসা এই বিপুল পরিমাণ পুণ্যার্থীদের কোন নিরাপত্তা ব্যবস্থাই নেই বলে অভিযোগ তুলছেন মেলায় আগত একাধিক মানুষজন। যেমন মেলায় এসে অসুস্থ হয়ে পড়া মানুষদের সেবা করতে আসা স্বাস্থ্য কর্মীদেরই ব্যাগ কেটে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলছেন তাঁরা। কয়েকজন মহিলারার ব্যাগ কেটে হাজার হাজার টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। এই সমাজবিরোধীদের ধরার জন্য পুলিশ প্রশাসন সেভাবে কোন উদ্যোগ নিচ্ছে না বলেও অভিযোগ তুলছেন পুণ্যার্থীরা।