ছাব্বিশের আগে ‘হাত’ ছেড়ে পদ্মবনে কংগ্রেস নেতা? বিধানসভা নির্বাচনের আগে নয়া সমীকরণ?

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। শাসক ও বিরোধী উভয় শিবিরই এখন প্রস্তুতি পর্বে ব্যস্ত। ঠিক এই সময়েই কি বাংলার রাজনৈতিক মানচিত্রে তৈরি হচ্ছে নয়া সমীকরণ? শনিবার সকালে অধীররঞ্জন চৌধুরীকে ‘শক্তিশালী’ নেতা বলে প্রশংসা করে কি তেমনই ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী? কংগ্রেসের ‘অন্তরালবাসী’ নেতা কি তবে আত্মপ্রকাশ করবেন পদ্মবনে? জোর চর্চা রাজনৈতিক মহলে।
শনিবার সকালে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। SIR ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান তিনি। তবে সাংবাদিক বৈঠকের শেষ মুহূর্তে প্রসঙ্গ ওঠে কংগ্রেসের। কংগ্রেসকে তুলোধোনা করলেও, অধীররঞ্জনের প্রসঙ্গে সম্পূর্ণ ভিন্ন সুর বিজেপি নেতার গলায়। শুভেন্দুর মন্তব্য,
“কংগ্রেস তো ঘোষিত মমতার বন্ধু। যেদিন প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীরবাবুকে সরানো হল, সেদিনই রাহুল, সোনিয়া, খাড়গে— সবাই বার্তা দিলেন, মমতার সঙ্গে লড়ব না। মমতার বিরুদ্ধে লড়লে প্রিয়রঞ্জন দাশমুন্সি, সোমেন মিত্র, গনিখান চৌধুরী, প্রণব মুখোপাধ্যায়ের পর শক্তিশালী নেতা হলেন অধীরবাবু। সত্যি যদি লড়তেন, তবে অধীরকে সরাতেন না।”
শুভেন্দুর এই মন্তব্য নিয়েই এখন সরগরম বঙ্গ রাজনীতি।

অধীর বনাম দল
দীর্ঘদিন ধরে প্রদেশ কংগ্রেসের ভার সামলেছেন অধীররঞ্জন চৌধুরী। তৃণমূল-বিরোধিতার প্রথম সারির মুখ ছিলেন তিনি। ইন্ডিয়া জোটের শরিক হলেও তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছেন সবসময়। অধীরের নেতৃত্বে কংগ্রেস-তৃণমূলের টানাপোড়েন প্রকাশ্যে এসেছে একাধিকবার, এমনকি সংসদেও।
তবে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বুঝে কংগ্রেস নেতৃত্ব ধীরে ধীরে অন্য পথে হেঁটেছে। সেই প্রেক্ষিতেই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীরকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় ‘নরমপন্থী’ শুভঙ্কর সরকারকে। দিল্লির এই সিদ্ধান্তে অধীরের অবস্থান অনেকটাই গৌণ হয়ে যায়।
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, শুভঙ্কর সরকারের সঙ্গে অধীরের সম্পর্কও তেমন উষ্ণ নয়। ফলে প্রাক্তন সভাপতির রাজনৈতিক ভূমিকা কার্যত সীমিত হয়ে পড়েছে।
শুভেন্দুর প্রশংসা— নতুন বার্তা?
এই প্রেক্ষাপটেই শুভেন্দুর মুখে অধীরের প্রশংসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেউ কেউ বলছেন, এটি হয়তো আগাম নির্বাচনের আগে নতুন এক সমীকরণের ইঙ্গিত।
তবে অধীররঞ্জনের তরফে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনও মন্তব্য মেলেনি। তাই জল্পনার জবাব দেবে সময়ই।