বগুড়া-৬ সংসদ সদস্য পদ থেকে ইস্তফা তারেকের

ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিলেন তারেক রহমান।

মাম্পি রায়, সাংবাদিক: মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman). শপথের ঠিক আগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ করলেন তিনি। ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিলেন তারেক রহমান। সোমবার বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, এই সংক্রান্ত চিঠি ইতিমধ্যেই কমিশনের কাছে পৌঁছেছে। ফলে বগুড়া-৬ আসনে শিগগিরই উপনির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। তারেক রহমানের দল এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। শরিক দলগুলিকে নিয়ে বিএনপি জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২-এ। আরও দু’টি আসনের ফলাফল স্থগিত থাকলেও সেখানে বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তারেক নিজে দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় ক্ষেত্রেই জয়ী হন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দিয়ে অন্যটি নিজের কাছে রাখলেন তিনি।

বাংলাদেশে প্রায় আড়াই দশক পর আবার কোনও বিএনপি নেতা প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন। এর আগে ২০০১ সালের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তারেকের মা খালেদা জিয়া (Khaleda Zia)। সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের আবহেই মঙ্গলবার বিকেলে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Muhammad Yunus) এর নেতৃত্বে শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রায় ১২০০ দেশি-বিদেশি অতিথির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। কূটনৈতিক মহলের মতে, এই উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করবে।

নতুন মন্ত্রিসভায় ৩৫ থেকে ৩৭জন সদস্যের হতে পারে বলে জানা গেছে। এর মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণমন্ত্রী এবং ৯ থেকে ১০ জন প্রতিমন্ত্রী। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, রাজধানীর বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোড এলাকায় মোট ৩৬টি বাংলোবাড়ি ও অ্যাপার্টমেন্ট প্রস্তুত রাখা হচ্ছে। এই এলাকাগুলি ‘মন্ত্রিপাড়া’ নামে পরিচিত। ২৪টি বাংলোবাড়ি ও ১২টি অ্যাপার্টমেন্টের কিছু ইতিমধ্যে খালি হয়েছে, বাকিগুলিতে বসবাসকারী উপদেষ্টা, অবসরপ্রাপ্ত বিচারপতি ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের বাড়ি ছাড়ার নোটিস পাঠানো হয়েছে।

তবে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর তারেক রহমান কোথায় থাকবেন, তা এখনও স্পষ্ট নয়। ১৭ বছরের স্বেচ্ছানির্বাসন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর থেকে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করছেন। বিএনপি সূত্রে জানা গেছে, আপাতত সেখানেই থাকবেন তিনি। পরে তাঁর সরকারি বাসভবন হিসেবে নির্ধারিত হতে পারে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’। উল্লেখযোগ্য বিষয় হল,  প্রধানমন্ত্রী পদে তারেকের পূর্বসূরি শেখ হাসিনার (Sheikh Hasina) সরকারি বাসভবন গণভবন ২০২৪ সালের রাজনৈতিক পালাবদলের সময় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।