হাড়োয়ায় SIR নিয়ে অভিনব প্রতিবাদ, মৃতদেহের রেপ্লিকা নিয়ে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়

শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা : SIR ( স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ তুলে বসিরহাট মহকুমার হাড়োয়ায় দেখা গেল এক অভিনব প্রতিবাদ। বুধবার হাড়োয়া-রাজারহাট রোডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃতদেহের রেপ্লিকা সামিল করা হল প্রতিবাদ মিছিলে। হাড়োয়ায় সংগঠিত সেই মিছিল ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অভিযোগ, SIR এর নামে সাধারণ মানুষকে অকারণে নোটিস পাঠিয়ে হয়রানি করা হচ্ছে, বারবার ডাকা হচ্ছে শুনানিতে। ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এই হয়রানির প্রতিবাদেই প্রতীকী ভাবে ‘কবর থেকে উঠে আসা মৃতদেহ’-এর রেপ্লিকা নিয়ে রাস্তায় নামেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।
হাড়োয়া-মিনাখাঁ বিধানসভার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে শুরু হওয়া এই মিছিল প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে। গোটা মিছিলজুড়ে উঠে আসে। SIR বাতিলের দাবিও উঠতে থাকে। অভিনব এই প্রতিবাদে পথচলতি মানুষজনও থমকে দাঁড়ান, কৌতূহলী দৃষ্টিতে মিছিল প্রত্যক্ষ করেন অনেকে।
তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের নামে পরিকল্পিতভাবে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। মৃত মানুষদের নামেও নোটিস ও কাগজ দেখানোর অভিযোগ উঠে আসে। এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল। অন্যদিকে, এই অভিনব প্রতিবাদ মিছিল ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।