সীমান্ত রক্ষাবাহিনীর জওয়ানদের ফোঁটা দিয়ে নজির গড়লেন বসিরহাটের মহিলারা।
শ্যামবিশ্বাস, নিজস্ব সংবাদদাতা: ঘরে ঘরে পালিত হচ্ছে ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করছেন বোনেরা। এই আবহে এক অন্যরকম ভাইফোঁটা দেখা গেল ভারত-বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্তে। যে ভারতীয় জওয়ানরা দিন রাত এক করে সীমান্তে প্রহরা দিয়ে দেশবাসীকে সুরক্ষিত বোধ করান, সেই জওয়ানদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করলেন ঘোজাডাঙা গ্রামের মহিলারা।


স্কাউট সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় এই ভাইফোঁটার। ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের সীমান্ত রক্ষী বাহিনীর ভাইদের উদ্দেশ্যে এই ভাইফোঁটার আয়োজন করা হয়। ভাইফোঁটার রীতি মেনে ভাইদের মঙ্গল কামনায় দেশ জুড়ে চলছে উৎসবের আমেজ! সেখানে দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা নিজের বোনেদের হাতে ফোঁটা নিতে পারেন না। সেই আক্ষেপ থেকেই যায় তাদের মনে। তাই তাঁদের মনের ইচ্ছা পূরণ করতে একদল খুদে পড়ুয়া পৌঁছে যান বসিরহাট এক নম্বর ব্লকের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের ১০২ নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্পে।

সেখানে এক সারিতে সকল জওয়ানদের বসিয়ে ভাইদের মঙ্গল কামনায় ধান, দূর্বা, চন্দনের ফোঁটা সহযোগে মিষ্টি মুখ করিয়ে ভাইদের মঙ্গল কামনা করলেন ছোট ছোট বোনেরা। বোনেদের সম্মান বাঁচাতে সীমান্তের ভাইয়েরা যে সচেতনতার বার্তা দিলেন, তাও নজিরবিহীন। সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান, বোনেদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে ফেসবুক হোয়াটসঅ্যাপ অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ পেতে রয়েছে বেশ কিছু অসাধু মানুষ! আর সেই ফাঁদে পা দিচ্ছে অল্প বয়সের মেয়েরা। তাই প্রত্যেকের সচেতনতার বার্তা দিলেন সেনা জওয়ানরা।

ফেসবুকে আলাপ এড়িয়ে চলাই ভালো। তার পরিণাম কী কী হতে পারে, তাও বিস্তারিত বললেন ওই জওয়ান। তিনি আরও বলেন, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া বন্ধ হোক। ২১ বছরের আগে ছেলেরা যাতে বিয়ে না করে, তার জন্য সচেতনতার বার্তা দেওয়া হয়। একরকম বলাই চলে আমাদের দেশে বিশেষ করে এই রাজ্য থেকে বহু নারী ও শিশু পাচার হয়ে গেছে বিভিন্ন সময়ে। তাই রাজ্য ও কেন্দ্র সরকার শিশু ও নারী পাচার রুখতে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছে। সেকথাই তুলে ধরলেন সীমান্ত রক্ষী বাহিনী জওয়ানরা। যারা দেশের সীমান্ত রক্ষা করছেন, তাদেরকে ভাইফোঁটা দেওয়ার মধ্য দিয়ে এক অন্যরকম নজির স্থাপন করলেন ঘোজাডাঙার মহিলারা।